Views Bangladesh Logo

আকাশপথে ভোটের মাঠ নজরদারি করবে বিমানবাহিনীর ড্রোন

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণে প্রথমবারের মতো অত্যাধুনিক ‘মানববিহীন আকাশযান বা ইউএভি’ মোতায়েন করছে বাংলাদেশ বিমানবাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেলের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের দিন সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের মাঠের চিত্র সরাসরি আকাশ থেকে পর্যবেক্ষণ করা হবে। এ লক্ষ্যে বিমানবাহিনীর আইএসআর (ইন্টেলিজেন্স, সার্ভেইল্যান্স অ্যান্ড রিকনেসান্স) সক্ষমতাসম্পন্ন একাধিক ইউএভি সার্বক্ষণিক আকাশে নিয়োজিত থাকবে।

এসব ড্রোনের মাধ্যমে প্রাপ্ত 'লাইভ ফিড' বা সরাসরি চিত্র একই সাথে ‘কেন্দ্রীয় মনিটরিং সেল’ এবং ‘প্রধান উপদেষ্টার দপ্তরে’ প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে। এর ফলে মাঠপর্যায়ে কোনো বিশৃঙ্খলা দেখা দিলে দ্রুততম সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া সম্ভব হবে।

নির্বাচনকালীন দায়িত্ব পালনে বিমানবাহিনী প্রধানের সরাসরি তত্ত্বাবধানে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এজন্য নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে সারা দেশে মোট ৩,৭৩০ জন বিমানবাহিনীর সদস্য মোতায়েন এবং দ্রুত যাতায়াত ও জরুরি প্রয়োজনে হেলিকপ্টার ও পরিবহন বিমান প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়াও আকাশসীমা রক্ষায় ব্যবহৃত বিমানবাহিনীর 'স্ট্র্যাটেজিক অ্যাসেট' বা কৌশলগত সম্পদ হিসেবে পরিচিত ইউএভিগুলো এখন ভোটের মাঠের নিরাপত্তায় সক্রিয় ভূমিকা পালন করছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই প্রযুক্তির ব্যবহারের ফলে দুর্গম এলাকার ভোটকেন্দ্রগুলোর ওপর নজর রাখা সহজ হবে। ইউএভি থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ভূমিতে অবস্থানরত নিরাপত্তা বাহিনীকে রিয়েল-টাইম নির্দেশনা দেয়া হবে, যা যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় কার্যকরী ভূমিকা রাখবে।

শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে বাংলাদেশ বিমানবাহিনী পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ