এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, সঙ্গে স্ত্রী-ছেলে
উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। রোববার (১৫ মার্চ) বেলা ১১টা ১৭ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রায় চার ঘণ্টার আকাশপথ পাড়ি দিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর পৌঁছাবে, যেখানে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে।
এর আগে সকাল ৯টা ১০ মিনিটে সিঙ্গাপুর থেকে বিমানটি ঢাকায় আসে। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে মির্জা আব্বাসকে বিমানবন্দরে নেওয়া হয়। তার সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল।
গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। সিটি স্ক্যান রিপোর্টে জটিলতা ধরা পড়ার পর গত শুক্রবার (১৩ মার্চ) তার মস্তিষ্কে প্রায় পৌনে চার ঘণ্টা ধরে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। অস্ত্রোপচার শেষে রাতেই তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে