Views Bangladesh Logo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ আগস্ট থেকে এআই ‘অটো ফাইন’ ব্যবস্থা

ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন’ ব্যবস্থা চালু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ। আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে এ ব্যবস্থা কার্যকর হবে।

শনিবার (১৫ আগস্ট) হাইওয়ে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাসড়কে স্থাপন করা এআই ক্যামেরার মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে। এর মধ্যে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধভাবে গাড়ি পার্কিং এবং বিপরীত দিক দিয়ে গাড়ি চালানোর মতো অপরাধ রয়েছে।

কোনো গাড়ির ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত হলে সংশ্লিষ্ট গাড়ির মালিকের নিবন্ধিত মুঠোফোন নম্বরে এসএমএসের মাধ্যমে জরিমানা ও মামলার তথ্য পাঠানো হবে। পরে গাড়ির মালিক মোবাইল আর্থিক সেবার মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন। এ ক্ষেত্রে বিকাশ ও নগদের মতো সেবা ব্যবহার করা যাবে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, এআইভিত্তিক এই ব্যবস্থা চালুর ফলে ট্রাফিক আইন প্রয়োগের প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর হবে। একই সঙ্গে আইন লঙ্ঘনের তথ্য স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও নথিভুক্ত করা সম্ভব হবে।

নতুন এই ব্যবস্থা সফলভাবে বাস্তবায়নে যাত্রী, পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সহযোগিতা চেয়েছে হাইওয়ে পুলিশ। পাশাপাশি মহাসড়কে চলাচলের সময় সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ