দুই বছরে এআইনির্ভর শিশু যৌন নিপীড়নের কনটেন্ট বেড়েছে ৮৪০০ শতাংশ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি শিশু যৌন নিপীড়নমূলক ছবি ও কনটেন্টের পরিমাণ গত দুই বছরে ৮ হাজার ৪০০ শতাংশের বেশি বেড়েছে। সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণায় এ উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
গবেষণার তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বিশ্বজুড়ে এ ধরনের নথিভুক্ত ঘটনার সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ৩০০টির বেশি বেড়েছে। গবেষকদের হিসাব বলছে, প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে প্রতিবছর বিশ্বে ৩০ কোটিরও বেশি শিশু যৌন নিপীড়নের শিকার হয়। এ ছাড়া প্রতি চারজন তরুণের মধ্যে প্রায় একজন ১৮ বছর বয়স হওয়ার আগেই কোনো না কোনো ধরনের অনলাইন নিপীড়নের শিকার হতে পারে।
স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরার চাইল্ডলাইট গ্লোবাল চাইল্ড সেফটি ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের অংশগ্রহণে পরিচালিত আন্তর্জাতিক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
চাইল্ডলাইটের তথ্য অনুযায়ী, প্রযুক্তি কোম্পানিগুলোর পাঠানো এআই-ভিত্তিক শিশু নিপীড়নসংক্রান্ত অভিযোগের রেফারেল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেনে ২০২৩ সালে প্রায় ৪ হাজার ৭০০টি ছিল। ২০২৫ সালে তা বেড়ে ৪ লাখ ছাড়িয়েছে।
এসব উপাত্তের মধ্যে ডিপফেক ছবিও রয়েছে। বিশেষ করে ‘নিউডিফাই’ অ্যাপের মাধ্যমে বাস্তব কোনো শিশুর মুখ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যৌন উত্তেজক ছবিতে বসিয়ে দেওয়া সম্ভব হচ্ছে। গবেষকেরা বলছেন, ছবিগুলো কৃত্রিমভাবে তৈরি হলেও শিশুদের ওপর এর প্রভাব বাস্তব। এসব ছবি ব্যবহার করে অনেক সময় শিশুদের ব্ল্যাকমেইল ও হয়রানি করা হচ্ছে।
এ ধরনের নিপীড়নের শিকার শুধু পরিচিত বা তারকা ব্যক্তিদের সন্তান নয়; সাধারণ পরিবারের শিশুরাও সমান ঝুঁকিতে রয়েছে।
গবেষণায় অবশ্য বলা হয়েছে, শনাক্তকরণ ও অভিযোগ জানানোর পদ্ধতিতে পরিবর্তনের কারণেও পরিসংখ্যানে এই বড় ধরনের বৃদ্ধি দেখা যেতে পারে। তবে এআই প্রযুক্তির দ্রুত বিস্তার শিশুদের জন্য নতুন ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
চাইল্ডলাইটের গ্লোবাল ডিরেক্টর অব ডেটা অধ্যাপক ডেবি ফ্রাই বলেন, এআই যেভাবে দ্রুত শিশুদের ঝুঁকির ধরন বদলে দিচ্ছে, তা উদ্বেগজনক। উন্নত শনাক্তকরণ ও রিপোর্টিং ব্যবস্থার কারণে বৃদ্ধির একটি অংশ ব্যাখ্যা করা গেলেও সরকার ও প্রযুক্তি কোম্পানিগুলোকে নতুন ধরনের নিপীড়ন প্রতিরোধ এবং ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলতে জরুরি পদক্ষেপ নিতে হবে।
চাইল্ডলাইটের গবেষণায় ১০৩টি দেশ ও এলাকার তথ্য পর্যালোচনা করা হয়েছে। এতে দেখা গেছে, মাত্র ২২টি দেশের কাছে শিশুদের অনলাইন ও অফলাইন যৌন নিপীড়নের প্রতিনিধিত্বমূলক জরিপের তথ্য রয়েছে।
গবেষকেরা বিশেষভাবে সতর্ক করেছেন, প্রতিবন্ধী, আদিবাসী, অভিবাসী, মানবিক সংকটে থাকা, অতি অল্পবয়সি এবং পরিবারের ভেতরেই নিপীড়নের শিকার হওয়া শিশুদের তথ্য অনেক ক্ষেত্রে উপেক্ষিত থেকে যাচ্ছে।
এ পরিস্থিতি মোকাবিলায় চাইল্ডলাইট সরকারগুলোর প্রতি শিশু যৌন নিপীড়নকে প্রতিরোধযোগ্য জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছে। পাশাপাশি নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ, প্রমাণভিত্তিক সুরক্ষাব্যবস্থা জোরদার, ভুক্তভোগীদের সহায়তা এবং ক্ষতি হওয়ার আগেই প্রতিরোধমূলক উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
প্রযুক্তি খাতের জবাবদিহি নিশ্চিত করা, নতুন হুমকির সঙ্গে সামঞ্জস্য রেখে আইন প্রণয়ন এবং শৈশবের শুরু থেকেই শিশুদের সুরক্ষায় উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়েছে তারা।
চাইল্ডলাইটের প্রধান নির্বাহী পল স্ট্যানফিল্ড বলেন, লাখ লাখ শিশু যৌন নিপীড়নের শিকার হলেও কোথায় এবং কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, সে বিষয়ে অনেক দেশের কাছেই পূর্ণাঙ্গ তথ্য নেই। ক্ষতির প্রকৃত চিত্র অজানা থাকলে তা প্রতিরোধ করাও কঠিন হয়ে পড়ে।
তার মতে, টেকসই নেতৃত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে শিশুদের ওপর এ ধরনের নিপীড়ন প্রতিরোধ, আগাম হস্তক্ষেপ এবং তাদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সম্ভব।
মতামত দিন