Views Bangladesh Logo

সাহায্যদাতাদের মার্কিন অর্থায়নের সব কর্মসূচি স্থগিতের নির্দেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্বজুড়ে মার্কিন সহায়তার ওপর ওয়াশিংটনের স্থগিতাদেশ জারির জেরে এবার জাতিসংঘের সাহায্যদাতা গোষ্ঠীগুলোকে মার্কিন-অর্থায়নকৃত সব কর্মসূচি ‘পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত’ স্থগিত করতে বলেছে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড)।

রয়টার্স জানিয়েছে, ইউএসএআইডির সব অর্থ প্রদানও বন্ধ হয়ে গেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অনুসারে, ১ অক্টোবর থেকে অর্থবছর শুরু হওয়ার পর মঙ্গলবার (২৮ জানুয়ারি) প্রথমবারের মতো কোনো অর্থ দেয়নি সংস্থাটি। সোমবার (২৭ জানুয়ারি) মাত্র আট মিলিয়ন ডলার দিলেও গত সপ্তাহে দিয়েছিল ৫৪৫ মিলিয়ন ডলার।

মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ।

নির্বাচনি প্রচারণায় সময়ই বিদেশে আর্থিক সহায়তা বন্ধের ‘হুঁশিয়ারি’ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ২০ জানুয়ারি তা বন্ধ করে দেন তিনি। তবে এতে ৯০ দিনের বিরতির আদেশ দেন ট্রাম্প, যেন বিদেশি সাহায্যের কর্মসূচিগুলো তার ‘আমেরিকা ফার্স্ট’ বৈদেশিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কি না, তা পর্যালোচনা করা যেতে পারে।

রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সাথে সঙ্গতি রেখে ওয়াশিংটন কীভাবে বিশ্বজুড়ে সহায়তা বরাদ্দ করতে পারে, সে বিষয়ে ২৫ জানুয়ারি ইউএসএইড কর্মীদের অনুরোধ করে ট্রাম্প প্রশাসন। একইসঙ্গে ট্রাম্পের আদেশ উপেক্ষা করলে যেকোনো কর্মীর বিরুদ্ধে ‘শৃঙ্খলামূলক ব্যবস্থা’ নেয়ার হুমকিও দেয়া হয়।

এরপর মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইউএসএইডের প্রায় ৬০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ছুটিতে পাঠিয়ে দেয় ট্রাম্পের প্রশাসন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ