Views Bangladesh Logo

এআই দিয়ে কর্মকর্তাদের কণ্ঠ নকল, ইতালির ব্যাংক থেকে ৯ কোটি ৫০ লাখ ইউরো লোপাট

 VB  Desk

ভিবি ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় ও কণ্ঠস্বর নকল করে ইতালির সবচেয়ে বড় ঋণদাতা প্রতিষ্ঠান ইন্তেসা সানপাওলোর প্রাইভেট ব্যাংকিং ইউনিট ফিদিয়ুরাম থেকে প্রায় ৯ কোটি ৫০ লাখ ইউরো হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র।

শুক্রবার এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। প্রতারণার ঘটনায় চুরি যাওয়া অর্থের একটি বড় অংশ পরে উদ্ধার করা সম্ভব হলেও প্রায় ৩ কোটি ৬০ লাখ ইউরো এখনও নিখোঁজ রয়েছে। ইতালির সংবাদমাধ্যম করিয়েরে দেল্লা সেরা প্রথম এ জালিয়াতির ঘটনা প্রকাশ করে। তাদের প্রতিবেদনের বরাতে জানা যায়, গত ফেব্রুয়ারিতে প্রতারণার কার্যক্রম শুরু হয়।

ঘটনার শুরুতে ফিদিয়ুরামের তৎকালীন চেয়ারম্যান পাওলো মোলেসিনি একটি হোয়াটসঅ্যাপ বার্তা পান। বার্তাটি ইন্তেসা সানপাওলোর প্রধান নির্বাহী কার্লো মেসিনার কাছ থেকে পাঠানো হয়েছে বলে মনে হচ্ছিল। এতে বিদেশে একটি জরুরি অর্থ লেনদেনের জন্য সহযোগিতা চাওয়া হয়।

বার্তাটির সত্যতা নিয়ে যেন কোনো সন্দেহ না থাকে, সে জন্য পরে একটি ফোন কলও করা হয়। কলটি একটি খ্যাতনামা আইন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ অংশীদারের নম্বর থেকে এসেছে বলে দেখানো হয়। সূত্রগুলোর দাবি, ওই আইনজীবীর কণ্ঠস্বর নকল করতেই এআই প্রযুক্তির সহায়তা নিয়েছিল প্রতারকেরা।

বিষয়টি সত্য বলে বিশ্বাস করে মোলেসিনি তাঁর অর্থ বিভাগকে অর্থ স্থানান্তরের নির্দেশ দেন। পরে চীন ও হংকংয়ের একাধিক বিদেশি ব্যাংক হিসাবে বিপুল অর্থ পাঠানো হয়। তবে ফিদিয়ুরাম দ্রুত লেনদেনে অস্বাভাবিকতা শনাক্ত করে সংশ্লিষ্ট ব্যাংক ও বিভিন্ন দেশের কর্তৃপক্ষকে সতর্ক করে।

এরপর চীন, পর্তুগাল ও ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত তৎপরতায় প্রায় ৫ কোটি ৩০ লাখ ইউরো উদ্ধার করা সম্ভব হয়। তবে বাকি অর্থ বিভিন্ন বিদেশি ব্যাংক হিসাব ঘুরে শেষ পর্যন্ত ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরিত হওয়ায় ওই অর্থের আর কোনো সন্ধান মেলেনি বলে সূত্রগুলো জানিয়েছে।

এ ঘটনায় মোলেসিনি বা ফিদিয়ুরামের অন্য কোনো কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে না বলে জানা গেছে। তবে মিলানের প্রসিকিউটররা কম্পিউটার জালিয়াতির অভিযোগে ইউরোপের বাইরে বসবাসকারী এক বিদেশি নাগরিককে তদন্তের আওতায় এনেছেন। মোলেসিনি গত মার্চে ব্যক্তিগত কারণ দেখিয়ে ফিদিয়ুরামের চেয়ারম্যান পদ ছাড়েন। তাঁর পদত্যাগের সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

এটি অবশ্য ইতালিতে এআই ব্যবহার করে বড় অঙ্কের অর্থ আত্মসাতের প্রথম ঘটনা নয়। গত বছর দেশটির এক মন্ত্রীর কণ্ঠস্বর নকল করে ব্যবসায়ী মাসিমো মোরাত্তিকে প্রায় ১০ লাখ ইউরো একটি বিদেশি ব্যাংক হিসাবে পাঠাতে প্ররোচিত করেছিল প্রতারকেরা। পরে ওই অর্থ উদ্ধার করা সম্ভব হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ