Views Bangladesh Logo

কৃত্রিম সংকট ঠেকাতে নিত্যপণ্যের বাজারে নজরদারি করবে এআই: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কৃত্রিম সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নজরদারি চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকার প্রাথমিকভাবে ৩০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি এআই প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণের পরিকল্পনা করছে। এই ব্যবস্থায় উৎপাদন, আবহাওয়ার সম্ভাব্য প্রভাব, আন্তর্জাতিক বাজার, আমদানির প্রয়োজনীয়তা এবং সরবরাহব্যবস্থা বিশ্লেষণ করে আগাম সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, এআইভিত্তিক ব্যবস্থা চালু হলে বাজার তদারকি আরও প্রাতিষ্ঠানিক, তথ্যনির্ভর ও কার্যকর হবে। এতে কৃত্রিম সংকট সৃষ্টি, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও বাজারে অস্থিরতা দেখা দিলে সরকার দ্রুত ব্যবস্থা নিতে পারবে।

শিক্ষা ও স্বাস্থ্য খাত প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার এ দুই খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে।

তিনি আরও জানান, দেশের প্রতিটি উপজেলা পরিষদে বহুতল ভবন নির্মাণ করে এক ছাতার নিচে বিভিন্ন ধরনের নাগরিক সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চা-বাগান এলাকায় বিদ্যমান পাঠদান কেন্দ্রগুলো পর্যায়ক্রমে প্রাথমিক ও প্রয়োজন অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হবে। সেখানে স্বাস্থ্যকেন্দ্র ও অ্যাম্বুলেন্স সেবাও চালুর উদ্যোগ নেওয়া হবে।

রপ্তানি পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশেই রপ্তানি কমেছে। জ্বালানিসংক্রান্ত কারণে বন্ধ থাকা শিল্পকারখানাগুলো পুনরায় চালুর জন্য সরকার কাজ করছে।

এ ছাড়া সিলেটের দুটি বিসিক শিল্প এলাকাকে সম্প্রসারণ করে ২০০ একরে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি। এর মাধ্যমে এ অঞ্চলের শিল্পায়নের গতি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ