Views Bangladesh Logo

এআইয়ের সহায়তায় সাইবার হামলার গতি বাড়ছে: সফোসের প্রতিবেদন

 VB  Desk

ভিবি ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার শুধু সাইবার নিরাপত্তা জোরদারের মধ্যেই সীমাবদ্ধ নেই। সাইবার অপরাধীরাও হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে এআই ব্যবহার করছে। এর ফলে আগে যে ধরনের সাইবার হামলা সম্পন্ন করতে কয়েক সপ্তাহ সময় লাগত, এখন তা কয়েক দিনের মধ্যেই করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস।

সফোসের ‘এআই সিকিউরিটি ২০২৬’ প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা মূলত প্রচলিত সাইবার হামলার কৌশলই ব্যবহার করছে। তবে এআই এসব কার্যক্রমকে দ্রুততর, স্বয়ংক্রিয় ও আরও সমন্বিত করে তুলছে। এতে কোনো হামলা শনাক্ত করার পর সেটি ঠেকাতে নিরাপত্তা দলগুলোর হাতে থাকা সময়ও উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, এন্টারপ্রাইজ এআই ব্যবস্থার আইডেন্টিটি, অথেনটিকেশন টোকেন, এআই এজেন্ট, এপিআই এবং ডেভেলপমেন্ট টুল এখন সাইবার হামলাকারীদের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। পাশাপাশি এআইয়ের সহায়তায় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং ডিপফেক প্রযুক্তির ব্যবহার বাড়ায় প্রতারণামূলক কর্মকাণ্ডও আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠছে।

সফোসের শনাক্ত করা ‘এসটিএসি ৬৯৯৪’ নামের একটি হামলা অভিযানে প্রায় ১২টি এআই এজেন্ট ব্যবহার করে বিভিন্ন নিরাপত্তাব্যবস্থার বিরুদ্ধে কৌশল পরীক্ষা করা হয়। হামলাকারীরা প্রায় ৮০টি মডিউল এবং ৭০টির বেশি ইভেশন কৌশল তৈরি করেছিল। সফোসের বিশ্লেষণ বলছে, মানুষের ক্ষেত্রে যে কাজ সম্পন্ন করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে, এআইয়ের সহায়তায় সেটি কয়েক দিনের মধ্যেই করা হয়েছে।

প্রতিবেদনে আরও সতর্ক করা হয়েছে, কোডিং এজেন্ট, এআই অ্যাসিস্ট্যান্ট এবং ওপেন-ওয়েট মডেলের বিস্তারের সঙ্গে নতুন ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হচ্ছে। এসব প্রযুক্তি গুরুত্বপূর্ণ সিস্টেমে প্রবেশাধিকার পেলে সাইবার অপরাধীদের হাতে ক্রেডেনশিয়াল, অ্যাক্সেস পারমিশন, অথেনটিকেশন সংযোগ ও এপিআই কী চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ডেভেলপমেন্ট টুল, মডেল ওয়েট, প্রশিক্ষণ ডেটা, এআই অবকাঠামো এবং সাপ্লাই চেইনও ঝুঁকির মধ্যে পড়ছে।

সফোস বলছে, এআই নিরাপত্তাকে শুধু এআই মডেল সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আইডেন্টিটি ব্যবস্থাপনা, গভর্ন্যান্স, অ্যাক্সেস নিয়ন্ত্রণ এবং সাপ্লাই চেইনের নিরাপত্তাকেও সমান গুরুত্ব দিতে হবে। প্রতিষ্ঠানটির বিভিন্ন গবেষণা ও পর্যবেক্ষণ ব্যবস্থা এবং ৬ লাখ ২৫ হাজারের বেশি গ্রাহকের তথ্যের ভিত্তিতে ‘এআই সিকিউরিটি ২০২৬’ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ