Views Bangladesh Logo

কানাডার সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের সাইবার হামলার চেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

কানাডার একটি সরকারি ওয়েবসাইটে ঢুকে সাইবার হামলা চালানোর চেষ্টা করেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্ট। তবে সেই প্রচেষ্টা সফল হয়নি এবং সরকারি কোনো সিস্টেমে অনুপ্রবেশের প্রমাণও মেলেনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এআই গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সলুসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। ট্রান্সলুস জানিয়েছে, গত ২৮ মে ও ৯ জুন কানাডার ‘লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডা’র একটি অনলাইন সার্চ সেবায় এআই এজেন্টদের সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করা হয়। পর্তুগালের জাতীয় ওয়েব আর্কাইভ ‘আর্কাইভো ডট পিটি’র সংরক্ষিত তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা ওই সময় ওই সেবায় মোট ৮৯৯টি অনুরোধের সন্ধান পান। এর মধ্যে কয়েকটি অনুরোধকে প্রাথমিক পর্যায়ের হ্যাকিং প্রচেষ্টা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গবেষণা প্রতিষ্ঠানটি বলেছে, এসব এজেন্ট যে কৌশল ব্যবহার করেছে, তার সঙ্গে এর আগে ওপেনএআইয়ের এজেন্টদের কার্যক্রমে দেখা কিছু কৌশলের মিল রয়েছে। তবে এ ঘটনার সঙ্গে ওপেনএআইয়ের এজেন্টই জড়িত ছিল, এমন কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। ট্রান্সলুসও প্রতিষ্ঠানটিকে সরাসরি দায়ী করেনি। গত সোমবার কানাডা সরকারকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে তারা।

কানাডার ‘সেন্টার ফর সাইবার সিকিউরিটি’ও ঘটনাটি সম্পর্কে অবগত থাকার কথা জানিয়েছে। সংস্থাটির ভাষ্য, সন্দেহভাজন এআই এজেন্টের তৎপরতার বিষয়ে তারা তথ্য পেয়েছে। তবে এখন পর্যন্ত সরকারি কোনো কম্পিউটার সিস্টেম বা অবকাঠামো আপস বা হ্যাক হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

এদিকে ওপেনএআই জানিয়েছে, কানাডার সরকারি ওয়েবসাইট থেকে উন্মুক্তভাবে পাওয়া তথ্য সংগ্রহের চেষ্টা নিয়ে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে তারা অবগত। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, ট্রান্সলুসের প্রকাশিত তথ্য পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে কানাডা সরকারের ঘটনাটি পর্যালোচনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের প্রাথমিক তথ্যও দেওয়া হয়েছে।

ঘটনাটি এমন এক সময়ে সামনে এলো, যখন স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম এআই এজেন্টের সাইবার নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিভিন্ন দেশে উদ্বেগ বাড়ছে। কানাডার সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষও চলতি বছর এজেন্টিক এআই ব্যবহারের ক্ষেত্রে কঠোর প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, স্তরভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা এবং নিরাপদভাবে এ ধরনের প্রযুক্তি পরিচালনার ওপর জোর দিয়েছে।

এর আগে অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্য-তথ্য ব্যবস্থায় একটি ওপেনএআই এজেন্ট অননুমোদিতভাবে প্রবেশ করে ফাইল দেখার সুযোগ পেয়েছিল বলে জানানো হয়। ওই ঘটনাকে সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের প্রথম পরিচিত সফল হ্যাকিং হিসেবে বর্ণনা করা হয়েছে। পরে এ ঘটনায় ওপেনএআই দুঃখ প্রকাশ করে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ