Views Bangladesh Logo

র‌্যাবের নতুন ডিজি আহসান হাবীব পলাশ

অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার (২৮ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। তিনি সাবেক ডিজি অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

এর আগে গত ১৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) আহসান হাবীবকে র‌্যাবের নতুন ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আহসান হাবীব পলাশ ১৯৯৫ সালে বিসিএস ১৫তম ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তিনি এপিবিএন, ডিএমপি, সিএমপি ও এসএমপিসহ রাঙ্গামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়া পিবিআই সদর দপ্তরে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমেও দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করেছেন। পদোন্নতির পর তিনি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তার। বাংলাদেশ পুলিশের সেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা)’ পদকে ভূষিত হন।

শিক্ষাজীবনে আহসান হাবীব পলাশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়ায় বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ