র্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসান হাবীব পলাশ। তিনি এর আগে চট্টগ্রাম রেঞ্জ–এর ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বেশ কয়েকটি রদবদল করা হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, সরদার নূরুল আমিনকে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান করা হয়েছে। আর মোসলেহ্ উদ্দিন আহমদ পেয়েছেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের দায়িত্ব।
বর্তমান সিআইডি প্রধান অতিরিক্ত আইজি ছিবগাত উল্লাহকে সরিয়ে নেওয়া হয়েছে পুলিশ অধিদপ্তরে।
এছাড়া হাসিব আজিজ, যিনি এতদিন চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার ছিলেন, তাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন হাসান মো. শওকত আলী, যিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে, এসবির ডিআইজি মনিরুজ্জামানকে বদলি করা হয়েছে চট্টগ্রাম রেঞ্জে।
আরও কয়েকটি পৃথক আদেশে দুই ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এক আদেশে পুলিশ অধিদপ্তরের ডিআইজি আশরাফুর রহমানকে একই কর্মস্থলে অতিরিক্ত আইজি হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
আরেক আদেশে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজি জি এম আজিজুর রহমানকে এসবি থেকে সরিয়ে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ করা হয়েছে।
এদিকে, পুলিশ সুপার পদমর্যাদার কয়েকজন কর্মকর্তার বদলিও হয়েছে। ডিএমপির উপকমিশনার মোস্তাক সরকারকে খাগড়াছড়িতে পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন সিআইডির পুলিশ সুপার মোরতেজা আলী খান। তার স্থলাভিষিক্ত হয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হক।
অন্যদিকে, মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমানকে মাদারীপুরে বদলি করা হয়েছে। আর মাগুরার নতুন পুলিশ সুপার হয়েছেন ডিএমপির উপকমিশনার মোল্লা আজাদ হোসেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে