নিউইয়র্কের আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর
বাংলাদেশ ব্যাংকের বহুল আলোচিত রিজার্ভ চুরির মামলায় গুরুত্বপূর্ণ জবানবন্দি দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর। আদালতের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১০ এপ্রিল তিনি মামলার সাক্ষ্য বা ডিপোজিশন প্রদান করবেন।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) একটি অভ্যন্তরীণ নথিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, মামলার আইনজীবী ধর্মেন্দ্র নায়ার ও ব্যারিস্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিন গত ১১ মার্চ ই-মেইলের মাধ্যমে আদালতের নির্দেশনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্টদের জানান।
সফর ও জবানবন্দির প্রস্তুতির অংশ হিসেবে ড. মনসুর গত ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সেখান থেকে তাঁর নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে। এর আগে রিজার্ভ চুরির এই দীর্ঘ আইনি লড়াইয়ে আদালতের অনুরোধে তিনি একটি হলফনামাও জমা দিয়েছেন।
জবানবন্দির আগে প্রস্তুতিমূলক আলোচনা ও আইনি কৌশল নির্ধারণে বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত আইন প্রতিষ্ঠান ‘বিএসএনকে’ ও ‘কিস্টোন’ ৬ ও ১০ এপ্রিল বিশেষ বৈঠকের আয়োজন করেছে।
বিএফআইইউর নথিতে আরও বলা হয়েছে, ড. মনসুরের এই রাষ্ট্রীয় সফরের সব ব্যয়ভার বহন করবে বাংলাদেশ ব্যাংক। বিমান ভাড়া, হোটেল খরচ ও প্রটোকলসহ তিনি বর্তমান গভর্নরের সমমানের সুযোগ-সুবিধা পাবেন। সফর শেষে আগামী ১২ এপ্রিল তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
মামলার আইনি প্রক্রিয়া জোরদার করতে বিএফআইইউর উপপ্রধান মো. মফিজুর রহমান খান চৌধুরীকেও একই সময়ে যুক্তরাষ্ট্রে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা। তিনি সেখানে বিশেষজ্ঞ সাক্ষী হিসেবে এবং চলমান আইনি বিষয় নিয়ে আলোচনায় অংশ নেবেন।
এ ছাড়া মামলার অন্যতম আইন প্রতিষ্ঠান ‘কোজেন ও’কনর’-এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকেরও সময় নির্ধারণ করা হয়েছে। জবানবন্দি-সংক্রান্ত ব্যয় বাবদ কিস্টোনের আইনজীবী ধর্মেন্দ্র নায়ার ১৫ হাজার ব্রিটিশ পাউন্ড পরিশোধের অনুরোধ জানিয়ে একটি বিল পাঠিয়েছেন।
পুরো বিষয়টি সংবেদনশীল হওয়ায় সফর-সংক্রান্ত কোনো দাপ্তরিক আদেশ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ না করার সুপারিশ করা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী অভিবাসন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নিউইয়র্কের আদালতে ড. আহসান এইচ মনসুরের এই জবানবন্দি রিজার্ভ চুরির মামলার ভবিষ্যৎ গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে