সংগীতের প্রয়াত পাঁচ কিংবদন্তিকে নিয়ে ঈদের অনুষ্ঠান উপস্থাপনায় আগুন
ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন ‘স্মৃতির সুর’ অনুষ্ঠানে সংগীতশিল্পী আগুন উপস্থাপনা করেছেন বাংলা সংগীতের প্রয়াত পাঁচ কিংবদন্তির গল্প।
এই অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু, পপ সম্রাট আজম খান, মাইলস ব্যান্ডের গায়ক শাফিন আহমেদ, চাইম ব্যান্ডের ভোকাল খালিদ এবং লালনসম্রাজ্ঞী ফরিদা পারভীনের জীবন ও সংগীতযাত্রা।
নাজমুল আলম রানার প্রযোজনা ও পরিচালনায় নির্মিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট শিল্পীদের ঘনিষ্ঠ সহকর্মীরা। আইয়ুব বাচ্চুর পর্বে অংশ নেন নকীব খান ও রোমেল।
আজম খানকে নিয়ে স্মৃতিচারণ করেন ফেরদৌস ওয়াহিদ ও লাবু রহমান। শাফিন আহমেদকে নিয়ে কথা বলেন তার ভাই হামিন আহমেদ ও ফুয়াদ নাসের বাবু। খালিদের পর্বে ছিলেন পথিক নবী ও তরুণ মুন্সি, আর ফরিদা পারভীনের পর্বে শফি মন্ডল ও চন্দনা মজুমদার।
প্রতিটি পর্বে অতিথিরা স্মৃতিচারণের পাশাপাশি প্রয়াত শিল্পীদের জনপ্রিয় গান পরিবেশন করেন, যা দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।
অনুষ্ঠানটি নিয়ে আগুন বলেন, দীর্ঘদিন পর উপস্থাপনায় ফিরে এমন একটি ভিন্নধর্মী আয়োজন পেয়ে আনন্দিত আমি। এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্ম এই কিংবদন্তি শিল্পীদের সম্পর্কে জানার সুযোগ পাবে।
ঈদের দিন থেকে পরবর্তী পাঁচ দিন ধরে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত অনুষ্ঠানটি চ্যানেল টোয়েন্টিফোরসহ ফেসবুক ও ইউটিউবে প্রচারিত হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে