পরিস্থিতি নজরদারিতে কৃষি মন্ত্রণালয়ের ‘সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম’ চালু
দেশের সার সরবরাহ, মজুদ ও বিতরণ পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখতে ‘সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম’ চালু করেছে কৃষি মন্ত্রণালয়। মাঠপর্যায়ে সার নিয়ে সংকট, অনিয়ম, কৃত্রিম সংকট বা অতিরিক্ত দামে বিক্রির মতো ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব মো. মাকছুদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মন্ত্রণালয়ের ৫২৮ নম্বর কক্ষে কন্ট্রোল রুমের কার্যক্রম চলবে।
কন্ট্রোল রুম পরিচালনায় ২৭টি দল গঠন করা হয়েছে। প্রতিটি দলে একজন কর্মকর্তা, একজন প্রশাসনিক কর্মকর্তা এবং একজন অফিস সহায়ক থাকবেন। ১১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুই শিফটে এর কার্যক্রম চলবে। প্রথম শিফট সকাল ৮টা থেকে বিকেল ৩টা এবং দ্বিতীয় শিফট বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত। সার্বিক কার্যক্রম তদারক করবেন অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ)।
কন্ট্রোল রুম দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সার সরবরাহ, মজুদ, পরিবহন ও বিতরণসংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করবে। কোথাও সার পরিবহনে অনিয়ম, অবৈধ মজুদ, কালোবাজারি, কৃত্রিম সংকট কিংবা নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রির তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
কোনো এলাকায় সার সংকটের আশঙ্কা দেখা দিলে তা অগ্রাধিকার দিয়ে শনাক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করবে কন্ট্রোল রুম। মাঠপর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সর্বশেষ পরিস্থিতি সংগ্রহ করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
এ ছাড়া কৃষক, সার ডিলার, পরিবহনকারীসহ সংশ্লিষ্টদের কাছ থেকে পাওয়া অভিযোগ গ্রহণ করে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসন, কৃষি বিভাগ, সার ডিলার ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিদিনের সার পরিস্থিতি, অভিযোগ, গৃহীত পদক্ষেপ ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ধারিত রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। এসব তথ্যের ভিত্তিতে দৈনিক ও সাপ্তাহিক প্রতিবেদন তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করবে কন্ট্রোল রুম।
মতামত দিন