আমিও কৃষক, আমার ধান পচলে আমিও বুঝতাম কত কষ্ট: কৃষিমন্ত্রী
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নাসিরনগর উপজেলার মেদির হাওরের প্রায় সাড়ে ৩০০ হেক্টর জমির বোরো ধান তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
শনিবার (৯ মে) দুপুরে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ক্ষয়ক্ষতির চিত্র দেখে দুঃখ প্রকাশ করেন এবং আর্থিক সহায়তার আশ্বাস দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, দেশের ৭৫ ভাগ মানুষ কৃষক। আমিও একজন কৃষক। আমার ধানটা এরকম পচলে আমিও বুঝতাম কত কষ্ট।
তিনি বলেন, একটি ফসল ঘরে তুলতে কৃষকদের অনেক পরিশ্রম করতে হয়। তাই কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই সরকারের মূল লক্ষ্য।
মন্ত্রী আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে এখনো ধান কাটা চলছে। সরকার কৃষকদের কাছ থেকে ধান কিনবে। তবে ভেজা ধান সরকার গ্রহণ করে না। সরকারি নিয়ম অনুযায়ী ১২ শতাংশের বেশি আর্দ্রতা থাকলে সেই ধান সংগ্রহ করা সম্ভব নয়।
তিনি বলেন, ধান শুকানোর পর জেলা ও ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে, যাতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ন্যায্যমূল্য পান।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, পাহাড়ি ঢলে মেদির হাওরের প্রায় সাড়ে ৩০০ হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। এতে অন্তত দুই হাজার কৃষক পরিবার ক্ষতির মুখে পড়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে