উত্তরাঞ্চলকে নতুন শিল্পকেন্দ্র গড়তে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, রাজশাহীসহ উত্তরাঞ্চলকে দেশের নতুন বিনিয়োগ ও শিল্পায়নের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার একের পর এক নীতিগত সংস্কার, কর-সুবিধা, অর্থায়ন, নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং যোগাযোগ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নিয়েছে। বিনিয়োগের পথে থাকা বড় বাধাগুলোও ইতোমধ্যে দূর করা হয়েছে। এখন স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদনমুখী বিনিয়োগে এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজশাহী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে কৃষি প্রক্রিয়াজাতকরণ বিষয়ক আঞ্চলিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও সুইসকন্ট্যাক্ট যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
ড. তিতুমীর বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে সরকার বিনিয়োগবান্ধব ও স্থিতিশীল পরিবেশ গড়ে তুলছে। এ লক্ষ্যে পাঁচ বছরের কর কাঠামো ঘোষণা, ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজীকরণ, ব্যাংক ও পুঁজিবাজার সংস্কার এবং কর, ভ্যাট ও কাস্টমস ব্যবস্থাকে ডিজিটাল করা হচ্ছে।
তিনি জানান, উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বিশেষ তহবিল সংরক্ষণ করা হয়েছে। এছাড়া পুনঃঅর্থায়ন কর্মসূচি ও সিএমএসএমই খাতেও বড় অঙ্কের অর্থায়নের সুযোগ রয়েছে।
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, উত্তরাঞ্চল শুধু কৃষিপণ্য উৎপাদনের কেন্দ্র নয়, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণেরও বড় সম্ভাবনাময় অঞ্চল। আলু, ভুট্টা, আম, লিচু, দুগ্ধ ও সৌরবিদ্যুৎভিত্তিক শিল্পে বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। সরকার নীতিগত ভিত্তি তৈরি করেছে, এখন এই সুযোগ কাজে লাগিয়ে নতুন শিল্প, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে স্থানীয় উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং স্থানীয় উদ্যোক্তারা বক্তব্য দেন।
মতামত দিন