Views Bangladesh Logo

দ্রুততম সময়ে মহাসড়কের রেলক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল চালুর ঘোষণা কৃষিমন্ত্রীর

কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানির ঘটনার পর দেশের মহাসড়কের ওপর থাকা রেলক্রসিংগুলোতে দ্রুত স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন কৃষি, প্রাণিসম্পদ ও খাদ্যমন্ত্রী আমিনুর রশীদ। একই সঙ্গে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, হতাহতদের ক্ষতিপূরণ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার কথা জানান তিনি।

রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।

তিনি জানান, এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গুরুতর আহতদের প্রয়োজন অনুযায়ী ঢাকায় বা বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

নিহতদের পরিবারকে মরদেহ বাড়িতে নেওয়ার খরচ হিসেবে তাৎক্ষণিক ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথাও জানান মন্ত্রী।

দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার অগ্রগতি নিয়ে কথা বলেন।

উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ারবাজার রেলক্রসিংয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি প্রায় আধা কিলোমিটার দূরে ছিটকে যায়। দুর্ঘটনায় প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়।

এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং প্রায় পাঁচ ঘণ্টা পর তা স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করেছে এবং ট্রেনটি উদ্ধারে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আনা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ