জামিনে মুক্ত ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য অপপ্রচারের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম জামিন পেয়েছেন।
রোববার (২১ জুন) বেলা পৌনে ১২টার দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর আমলি শাখার বিচারক মেহেদী হাসান তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী তানজিম আল মিসবাহ।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিনিধি মো. শামস ও জেলা প্রতিনিধি সাব্বির হাসান।
মামলার অভিযোগে বলা হয়, গত ১২ জুন বগুড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। পাশাপাশি ১৩ জুন প্রধানমন্ত্রীর জেলা সফরকে কেন্দ্র করে প্রতিমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক ও মানহানিকর মন্তব্য ছড়ানোর অভিযোগ আনা হয়। যাচাইবিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব তথ্য প্রচারের মাধ্যমে সংশ্লিষ্টদের সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে বলে দাবি করা হয়।
মামলার নথি অনুযায়ী, গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের গাছা থানার বোর্ডবাজার এলাকা থেকে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে। পরদিন শুক্রবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
আইনজীবী তানজিম আল মিসবাহ জানান, মামলাটি একটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে বলে দাবি করা হচ্ছে। উভয় পক্ষ বিষয়টি নিয়ে আলোচনা করছে এবং শিগগিরই আপস-মীমাংসার মাধ্যমে সমাধানের সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, গত ১৭ জুন বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন। মামলায় পত্রিকার সম্পাদক-প্রকাশকসহ ছয়জনকে আসামি করা হয়। পরে মামলাটি সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর বিভিন্ন ধারায় রেকর্ড করে তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে।
মতামত দিন