Views Bangladesh Logo

দীর্ঘ বিরতির পর চালু আগরতলা-ঢাকা-কলকাতা বাস পরিষেবা

 VB  Desk

ভিবি ডেস্ক

দীর্ঘ বিরতির পর আবারও চালু হয়েছে আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। কলকাতা থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা রয়েল মৈত্রী বাস মঙ্গলবার দুপুরে আখাউড়া স্থলবন্দর হয়ে আগরতলায় পৌঁছায়।


বাসটি পরিচালনা করছে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশন (টিআরটিসি)। আগরতলায় পৌঁছালে রাজ্যের পরিবহন ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং টিআরটিসির চেয়ারম্যান সমর রায় যাত্রীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। পথে কোনো জটিলতা না থাকায় যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন।


গত শনিবার কলকাতা থেকে বাসটি পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করেছিল। তবে মঙ্গলবার যাত্রীদের আগরতলায় পৌঁছানোর মধ্য দিয়ে পরিষেবাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে বলে ধরা হচ্ছে। এ সময় ত্রিপুরার পরিবহনমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিবারের সদস্যের মতো এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও পর্যটন বৃদ্ধিতে নতুন সরকার ইতিবাচক ভূমিকা রাখবে।


এর আগে আগরতলা-কলকাতা রুটে বাস চলাচল করলেও রাজনৈতিক পরিবর্তনের পর তা বন্ধ হয়ে যায়। ত্রিপুরার আন্তর্জাতিক বাস অপারেটর সংস্থার ব্যবস্থাপক মনোরঞ্জন দেবনাথ জানান, ভিসা সংক্রান্ত জটিলতাসহ কিছু কারণে পরিষেবা বন্ধ ছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় তা আবার চালু করা হয়েছে। তিনি আরও বলেন, ২০০১ সালে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক চুক্তির আওতায় নতুন করে অনুমতির প্রয়োজন হয়নি।


ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, এই উদ্যোগে বাংলাদেশও লাভবান হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।


আগরতলা থেকে ট্রেনে গুয়াহাটি হয়ে কলকাতার দূরত্ব প্রায় ১,৫৭০ কিলোমিটার, সময় লাগে প্রায় ৪০ ঘণ্টা। তবে ঢাকা হয়ে এই রুটে দূরত্ব মাত্র ৫০০ কিলোমিটার, আর ভাড়া নির্ধারণ করা হয়েছে ২,৮০০ টাকা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ