Views Bangladesh Logo

অপরাহ্নের সারসংক্ষেপ

 VB  Desk

ভিবি ডেস্ক

একনজরে বিকাল ৫টা পর্যন্ত প্রধান সংবাদ (৯ সেপ্টেম্বর)

ভারতীয় অর্থায়নের প্রকল্প চালু থাকবে: অর্থ উপদেষ্টা
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতীয় ঋণে অর্থায়ন করা প্রকল্পগুলো চালু থাকবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাতের পর তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা আরও বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

বিটিআরসির নতুন চেয়ারম্যান এমদাদ উল বারী
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানা গেছে। এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব এ টি এম শরিফুল আলম।

পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কিছু কর্মকর্তা-কর্মচারী হামলা ও ভাঙচুর করেছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারের পেট্রোবাংলা কার্যালয়ে এই হামলা চালানো হয়।

নেত্রকোনায় গার্মেন্টস শ্রমিকদের উস্কানি দেয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পোশাক কারখানার শ্রমিকদের উস্কানি দেয়ার অভিযোগে ইসতিয়াক আহম্মেদ হৃদয় (২৪) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে নেত্রকোনা জেলার কেন্দুয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পুলিশের পিআরও কামরুল আহসান।

৩৪ জেলায় নতুন ডিসি
রাজশাহী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও বরিশালসহ দেশের ৩৪ জেলায় নতুন ডিসিদের দায়িত্ব দেয়া হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন বিভাগের এক প্রজ্ঞাপনে এই পদায়নের কথা জানানো হয়।

সিলেটে শাহ পরাণ মাজারে দুই পক্ষের সংঘর্ষ
সিলেটের হযরত শাহ পরাণ (রাহ.) মাজারে আলেম-জনতার সঙ্গে ওরসপন্থীদের সংঘর্ষ হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে ৪টা পর্যন্ত সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছেন।

স্বেচ্ছাসেবক দলের নেতাকে খুনের জেরে হাসপাতালে ঢুকে আরেকজনকে হত্যা
বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে বগুড়ার গোকুল এলাকায় কুপিয়ে হত্যা করা হয়েছে। অন্যজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে পিটিয়ে হত্যা করা হয়।

বগুড়ার ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মিলাদুন্নবী বলেন, নিহত মিজান ও ল্যাদোর মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রয়েছে।

ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (৯ সেপ্টেম্বর) ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংয়ে এ আগ্রহের কথা জানান ডেপুটি প্রিন্সিপালের মুখপাত্র বেদান্ত প্যাটেল। বলেন, ‘বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা নির্ধারণে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত ও আগ্রহী।’

এস আলম ও সালমান এফ রহমানের অনিয়ম অনুসন্ধানে বিএসইসির কমিটি
এস আলম গ্রুপ এবং সালমান এফ রহমানের করা অনিয়মের অভিযোগ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিএসইসির ইন্সপেকশন, ইনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের পরিচালক মো. মাহমুদুল হকের সই করা এক নির্দেশনায় তদন্ত কমিটিকে সালমান এফ রহমান, তার পরিবারের অন্যান্য সদস্যসহ তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী, মেয়ের স্বামী, আত্মীয়সহ তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ডের ফলশ্রুতিতে পুঁজিবাজার সংশ্লিষ্ট কোনো অনিয়ম হয়েছে কি-না এ বিষয়ে বিশদ অনুসন্ধান করার নির্দেশনা দিয়েছে কমিশন।

২১টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ
ঢাকাসহ সারাদেশের ২১টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সচিবসহ ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে বলা হয়, কলেজগুলোর মধ্যে রয়েছে সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি বালিকা কলেজ, সরকারি বাংলা কলেজ এবং ইডেন মহিলা কলেজ।

আবু সাঈদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। তারা হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমীর আলী ও সুজন চন্দ্র রায়। তাদের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়েছে।

পিবিআই পুলিশ সুপার মো. জাকির হোসেন গণমাধ‌্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই দুই সদস্য পুলিশ লাইনসে নজরদারিতে ছিলেন। সোমবার তাদের মহানগর পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে।

টাইগারদের বিপক্ষে কেমন হবে একাদশ–ইঙ্গিত দিয়ে রাখল ভারত
বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট ম্যাচ চেন্নাই এবং দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি কানপুরে অনুষ্ঠিত হবে। তবে টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগেই ভারতের একাদশ কেমন হবে-সেই বিষয়ে ইঙ্গিত দিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা। যদিও টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রামে থাকার কথা ছিল দলটির সিনিয়র একাধিক ক্রিকেটারের।

বিজ্ঞাপন দিয়ে কাজে ফিরলেন চিত্রনায়ক নিরব
গত আগস্ট মাসজুড়ে দেশের পরিস্থিতি ছিল অনেকটাই অস্থিতিশীল। তবে মাসের শেষদিকে সবকিছু আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করায় কাজ শুরু হয়েছে শোবিজেও। নতুন করে কাজ শুরু করছেন নির্মাতা-কলাকুশলীরা।

তাদের মতো নতুন কাজ নিয়ে শুটিংয়ে ফিরেছেন চিত্রনায়ক নিরব হোসেন। তবে কোনো সিনেমা বা নাটক নয়, সরকারি একটি বিজ্ঞাপন দিয়ে কাজে ফিরলেন এই চিত্রনায়ক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ