অপরাহ্নের সারসংক্ষেপ
এক নজরে বিকাল ৪টা পর্যন্ত শীর্ষ সংবাদ (১৮ সেপ্টেম্বর)
প্রয়াত সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর, অগ্নিসংযোগ
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাবেক কার্যকরী সভাপতি ও সাবেক সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে।
মঙ্গলবার বেলা দুইটার দিকে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার সারোয়াতলীর গ্রামে পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।
সরকারের ১০০ কোটি টাকার অনুদান পেল শহিদ স্মৃতি ফাউন্ডেশন
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের সহায়তার জন্য গঠিত জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ গ্রেপ্তার
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
আগারগাঁও-মতিঝিল রুটের মেট্রোরেল চলাচল বন্ধ
আগারগাঁও-মতিঝিল রুটের মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। ত্রুটি সারানোর আগ পর্যন্ত এই পথে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একটি সূত্রে জানা গেছে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেক সভা আজ
দুটি নতুন প্রকল্প এবং তিনটি সংশোধিত প্রকল্প প্রস্তাব নিয়ে বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। এ সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
কেইনের চার গোলে জাগ্রেবকে ৯-২ ব্যবধানে হারাল বায়ার্ন
৩-০ ব্যবধানে পিছিয়ে থেকেও সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে মাঠ ছাড়ল বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে জার্মানির আলিয়ান্স আরেনা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগরেবকে ৯-২ ব্যবধানে হারায় দলটি। এর ফলে এবার চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ সূচনা করল তারা।
হত্যা মামলায় হবিগঞ্জের সাবেক মেয়র গ্রেপ্তার
হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান সেলিমকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় র্যাব-২ ও র্যাব-৯ যৌথ অভিযান চালিয়ে সাবেক মেয়র সেলিমকে গ্রেপ্তার করে।
আশুলিয়ায় ২৫ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে ২৫ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এ ছাড়াও এর মধ্যে বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম এ বিষয়টি নিশ্চিত করেন।
লেবাননে পেজার বিস্ফোরণে ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধের হুশিয়ারি হিজবুল্লাহর
লেবাননে যোগাযোগের জন্য নিজ সদস্যদের ব্যবহার করা পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের জন্য ইসরাইলকে দায়ি করে দেশটির বিরুদ্ধে ‘প্রতিশোধের কড়া হুশিয়ারি’ দিয়েছে হিজবুল্লাহ। লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন পক্ষও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির এ অভিযোগকে সমর্থন করায় লেবানন-ইসরায়েল সীমান্তসহ ওই অঞ্চলজুড়ে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
৬ হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে দেখানো হলো গ্রেপ্তার
বিভিন্ন থানায় দায়ের করা ছয়টি হত্যা মামলায় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সূত্র জানায়, ছয়টি হত্যা মামলার মধ্যে বাড্ডা থানায় চারটি এবং বাকী দুটি লালবাগ থানায় ও আদাবর থানায় দায়ের করা হয়।
বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবি ওই ছয়টি হত্যা মামলায় মানিককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ হওয়ায় কলকাতা-দিল্লিতে ইলিশের দাম আকাশছোঁয়া
ইলিশের সঙ্গে বাঙালির সম্পর্ক চিরকালের। এখন ইলিশের ভরা মৌসুম। তবে কলকাতা তথা ভারতের বিভিন্ন প্রান্তের বাঙালিরা অবশ্য ইলিশ কিনতে বাধ্য হচ্ছেন চড়া দামে। বাংলাদেশ থেকে ইলিশ আসা বন্ধ হওয়ায় বিপত্তির মুখে এপারের ইলিশপ্রেমীরা। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে ইলিশের বাজারেও।
সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে সিআইডির ১৭ মামলা
রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিংয়ের মাধ্যমে ৮৩ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানসহ ২৮ ব্যক্তির বিরুদ্ধে ১৭টি মামলা করেছে সিআইডি।
বুধবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া উইং) আজাদ রহমান।
ঢাকায় বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট
ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকায় এসে পৌঁছান তিনি। সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই দিনের এই সফরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন তিনি।
এখনো কাজে না ফেরা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
এখনো কাজে না ফেরা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগদান করেননি, লুকিয়ে আছেন, তাদের আর যোগদান করতে দেয়া হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আগামী সপ্তাহে মোদির সঙ্গে দেখা করবেন ট্রাম্প
আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তারা কোথায় মিলিত হবেন সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি তিনি।
রয়টার্স জানায়, ৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প মঙ্গলবার প্রচারণা চালান মিশিগানের ফ্লিন্টে। ভোটের ওই সমাবেশে মোদির সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ভারত মার্কিন-ভারত বাণিজ্য সম্পর্কের ‘খুব বড় অপব্যবহারকারী’। তবে বাণিজ্য নিয়ে ভারতের এ সমালোচনা করা সত্ত্বেও মোদিকে ‘অসাধারণ’ বলে আখ্যা দেন ট্রাম্প।
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা: কোন ধরনের ব্যবস্থা নিতে পারবে সেনাবাহিনী
বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। ফলে বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী। এই ক্ষমতাবলে সেনাবাহিনী তাদের নিজস্ব ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যে কাউকে গ্রেপ্তার, হেফাজতে রাখা, যে কোনো স্থানে তল্লাশি, ওয়ারেন্ট (পরোয়ানা) জারি, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক ও বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা প্রয়োগ, মোবাইল কোর্ট পরিচালনা ও সাজা দিতে পারবে।
গাজায় যুদ্ধ বন্ধ চান কমলা; ইসরায়েল- হামাস যুদ্ধবিরতি চুক্তির আহ্বান
গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। সেখানে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিরও আহ্বান তার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে