অপরাহ্নের সারসংক্ষেপ
একনজরে বিকাল ৪ টা পর্যন্ত প্রধান সংবাদ (১৩সেপ্টেম্বর)
ইউএনবির চেয়ারম্যান আমানউল্লাহ খান আর নেই
ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশের (ইউএনবি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমানউল্লাহ খান আর নেই। তার বয়স হয়েছিল ৮০ বছর।
বৃহস্পতিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিকাল ৫টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কসমস গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আমানউল্লাহ খান। বার্ধক্যজনিত জটিলতায় ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল
শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। তবে এখন ভ্রমণের ক্ষেত্রে পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা বুধবার হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র।
বেসরকারি ব্যাংক থেকে জনগণের টাকা ফেরত পেতে রোডম্যাপ প্রণয়নের উদ্যোগ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশ ব্যাংক বিভিন্ন বেসরকারি ব্যাংকে জমাকৃত জনগণের অর্থ ফেরত পেতে একটি রোডম্যাপ তৈরি করবে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেপ্তার
ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে ঝিনাইদহের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে র্যাব-৬ এর এক বার্তায় এ বিষয়টি নিশ্চিত করা হয়।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু
তিন দিন পুরোপুরিভাবে বন্ধ থাকার পরে উৎপাদনে ফিরেছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টা ৩২ মিনিটে বিদ্যুৎ উৎপাদনে যায় কেন্দ্রটির ১ নম্বর ইউনিট।
কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ গেল দুই পরিবারের ৬ জনের
ভারী বর্ষণে কক্সবাজারে পৃথক পাহাড় ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে একই পরিবারের তিনজন এবং উখিয়া উপজেলার ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়।
আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় পুলিশ পরিদর্শক আরাফাত গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলাকালে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৩ এর একটি দল।
সীমান্তের ১,৩৬৭টি ঝুঁকিপূর্ণ এলাকায় বিএসএফ-বিজিবির টহল জোরদার
বাংলাদেশের অস্থিতিশীল অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হলেও অবৈধ অনুপ্রবেশ নিয়ে বেশ উদ্বিগ্ন ভারত সরকার। বাংলাদেশের কোনো আভ্যন্তরীণ অশান্তির আঁচ যেন সীমান্তে না পড়ে সেই কারণে সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা আরও জোরদার করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অতিরিক্ত নজরদারির জ গঠন করা হয়েছে বিএসএফের মনিটারিং কমিটিও।
সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করতে ও নিরাপত্তাবলয় আরও সুদৃঢ় করতে বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকে বিএসএফের ইস্টার্ন কমান্ডের এডিজি রবি গান্ধীও উপস্থিত ছিলেন।
হ্যারিসের সাথে আরেক দফা টিভি বিতর্কে অংশ নিতে অনাগ্রহী ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে আরেক দফা টেলিভিশন বিতর্কে অংশ নিতে আগ্রহী নন। গতকাল বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর তিনি এমন ঘোষণা দিয়েছেন।
রিপাবলিকান প্রার্থী ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘কোন তৃতীয় বিতর্ক হবে না’, খবর বাসস।
নারী বক্সিংয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ব্রোঞ্জ পদক জয় জিন্নাতের
আন্তর্জাতিক নারী বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিন্নাত ফেরদৌস। আফ্রিকার পর এটাই প্রথম বাংলাদেশি কোনো বক্সারের ইউরোপে পদক জয়।
ইউরোপিয়ান বক্সিং কনফেডারেশনের আয়োজনে গত ২ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত পোল্যান্ডের গ্লিউইসে ১৯তম আন্তর্জাতিক সিলেসিয়ান নারী বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টে অংশ গ্রহণ করে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ১৭টি দেশ।
মণিপুরের ৫ জেলায় ফের ব্রডব্যান্ড ইন্টারনেট চালু, এখনও মোবাইল ডেটা বন্ধ
তিন দিন বন্ধ থাকার ভারতের মণিপুর রাজ্যের পাঁচ উপত্যকা জেলায় ফের ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়েছে। রাজ্যের রাজধানী ইম্ফলে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে সেখানে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়।
উপত্যকা জেলাগুলো হলো-পশ্চিম ইম্ফল, পূর্ব ইম্ফল, থৌবাল, বিষ্ণুপুর এবং কাকচিং। তবে এক অফিস আদেশে জানানো হয়, এসব জেলায় মোবাইল ডেটার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার এখনও বন্ধ রয়েছে।
ভারতীয় বার্তা সংস্থা এনডিটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে