অপরাহ্নের সারসংক্ষেপ
একনজরে বিকাল চারটা পর্যন্ত প্রধান সংবাদ (১২ সেপ্টেম্বর)
ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেফতার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তাকে গ্রেপ্তার করে।
হাসপাতালে নেওয়া হলো খালেদা জিয়াকে
কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।
বুধবার দিবাগত রাত একটা ৪০ মিনিটের দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
বিএসইসির কমিশনার এটিএম তারিকুজ্জামানকে অব্যাহতি
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার পদ থেকে ড. এটিএম তারিকুজ্জামানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব ফরিদা ইয়াসমিন।
সাবেক এমপি ফজলে করিম আটক
অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পালানোর সময় চট্টগ্রাম রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পথে তাকে আটক করে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) একটি দল।
ব্যারিস্টার সুমনসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা
হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার নির্দেশ দেওয়ার অভিযোগে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৯৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) চুনারুঘাট থানায় মামলাটি করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন। মামলায় ব্যারিস্টার সুমনসহ ৯৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
পাঠাও প্রতিষ্ঠাতা ফাহিম সালেহকে হত্যাকারীর ৪০ বছরের কারাদণ্ড
মোবাইল অ্যাপভিত্তিক রাইড সেবাদাতা প্রতিষ্ঠান পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহকে হত্যার দায়ে তার ব্যক্তিগত সহকারী টাইরেস হাসপিলকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালত।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এই তথ্য জানিয়েছে।
চাঁদা না পেয়ে ভিজিএফের ৩০০ বস্তা চাল লুট
দুই লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে বিএনপির এক নেতার নেতৃত্বে ভিজিএফের ডিলারের গুদাম থেকে হতদরিদ্রদের জন্য বরাদ্দ ৩০০ বস্তা চাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িয়া নিমতলা বাজারে গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী হাসানুজ্জামান মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করেছেন।
বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি কমলো
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় ঢাকার মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি পুনর্নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য বৃহস্পতিবার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক।
ভিয়েতনামে টাইফুন ইয়াগির আঘাতে মৃত্যু বেড়ে ১৯৭
ভিয়েতনামে টাইফুন ইয়াগি এবং এর ফলে ভূমিধস ও বন্যায় এ পর্যন্ত ১৯৭ জন নিহত ও ১২৮ জন নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছে ভিয়েতনামের কৃষি ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়।
রিমান্ড শেষে মেনন, ইনু, পলক ও আব্দুল্লাহ আল মামুন কারাগারে
রিমান্ড শেষে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী
জুনায়েদ আহমেদ পলক ও সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
বাধ্যতামূলক অবসরে ডিজিএফআই’র সাবেক ডিজি সাইফুল
ফোর্সেস ইন্টেলিজেন্স ডিরেক্টরেট জেনারেলের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মো. সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সেনাবাহিনী। আর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সেনাবাহিনী।
ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদে অভিযান শুরু
ঢাকা শহরের সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর ধানমন্ডি-৩২, পান্থপথ ও রাসেল স্কয়ারসহ বিভিন্ন স্থানে সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিশা সরিয়ে নেওয়া হচ্ছে।
চলতি মাসেই চালু হবে মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন
বন্ধ থাকা মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন চলতি মাসে (সেপ্টেম্বর) চালু হবে বলে আশা করা হচ্ছে। তবে কবে চালু হবে তা এখনো চূড়ান্ত হয়নি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে একটি কারিগরি দল নিয়োগ করা হয়েছে। আমরা এই মাসের মধ্যে দুটি বন্ধ স্টেশন পুনরায় চালু করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। তবে এই মুহূর্তে তারিখ নির্দিষ্ট করে বলতে পারছি না।
আশুলিয়ায় আজও ৮৬ কারখানায় উৎপাদন বন্ধ
শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতির জন্য আশুলিয়ার ৮৬টি পোশাক কারখানা আজও বন্ধ রয়েছে। তবে শিল্পাঞ্চল এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম ভিউজ বাংলাদেশকে
এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রধান উপদেষ্টার
ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং রোহিঙ্গা অনুপ্রবেশসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সাক্ষাৎকারে সংবিধান সংশোধনের ইঙ্গিত দিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘সংবিধানের গুরুত্বপূর্ণ ইস্যুতে বিষয়গুলোতে আমাদের নজর দিতে হবে এবং ঐকমত্য গড়ে তুলতে হবে। ঐকমত্য ছাড়া আমরা কিছু করতে পারি না। কারণ আমাদের শক্তি ঐকমত্য থেকে আসে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে