অপরাহ্নের সারসংক্ষেপ
একনজরে বিকাল চারটা পর্যন্ত প্রধান সংবাদ (১১ সেপ্টেম্বর)
তৌফিক-ই-ইলাহী গ্রেপ্তার
শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়।
সাবেক অতিরিক্ত অ্যাটর্নি মেহেদী ও আ.লীগ নেতা গ্রেপ্তার
সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর সময় ঝিনাইদহ জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গাইবান্ধায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনে দুজনের মৃত্যুর অভিযোগ
গাইবান্ধার সাঘাটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় নির্যাতনে আটক দুজন মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে অভিযানের পর মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পৃথক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুজনের মৃত্যু হয়।
এ ছাড়া এ ঘটনায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।
যশোরের ভবদহ অঞ্চলে ফের জলাবদ্ধতা, পানিবন্দি ২৫ গ্রামের মানুষ
ফের জলাবদ্ধতার শিকার যশোরের ভবদহ অঞ্চলের হাজার হাজার পরিবার। এতে পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন ২৫ গ্রামের মানুষ। মিলছে না কোনো সরকারি সহায়তা। কম দামে বিক্রি হচ্ছে গবাদি পশু। ভেসে গেছে শত শত মাছের ঘের। তলিয়ে গেছে অর্ধশত হেক্টর জমির ফসলি ক্ষেত।
জানা গেছে, যশোরের অভয়নগর, মণিরামপুর, কেশবপুর উপজেলাসহ খুলনা জেলার ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার পানি নিষ্কাশনের জন্য ১৯৬৮ সালে অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের কালিশাকুল গ্রামের ভবদহ নামক স্থানে নির্মিত হয়েছিল ২১, ৯, ৬ ও ২ ভেন্টের স্লুইস গেট।
একই দিনে হার ব্রাজিল-আর্জেন্টিনার
একই দিনে হারের স্বাদ পেল লাতিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। বুধবার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজ নিজ ম্যাচে প্রতিপক্ষের মাঠ থেকে হার নিয়ে মাঠ ছেড়েছে তারা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে টানা তিন ম্যাচ হারের পর গত শনিবার ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছিল ব্রাজিল। তবে পরের ম্যাচে এসে ফের হারের শিকার হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বুধবার সকালের ম্যাচে প্যারাগুয়ের মাঠে বলের ৭১ শতাংশ দখল রেখেও গোলের দেখা পায়নি সেলেসাওরা। ম্যাচের ২০তম মিনিটে দিয়াগো গোমেজের করা গোল শেষ পর্যন্ত পরিশোধ করতে পারেনি ব্রাজিল।
বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে মৌমাছি মোতায়েন বিএসএফের
বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে অস্থির অবস্থা তৈরি হয়েছে তার ছোঁয়া লেগেছে ভারত-বাংলাদেশ সীমান্তেও। ফলে ছড়িয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। এ অবস্থায় সীমান্তের নিরাপত্তা নিয়ে চিন্তিত ভারতের প্রতিরক্ষা দপ্তর। এ জন্য সীমান্তে নিরাপত্তা বৃদ্ধিতে কাজ শুরু করেছে দেশটি।
এর অংশ হিসেবে সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে মৌমাছি মোতায়েন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরই মধ্যে পশ্চিমবঙ্গের নদিয়ায় বাংলাদেশ সীমান্তে মৌমাছির কৃত্রিম চাক স্থাপন করেছে তারা।
নড়াইলে মাশরাফিসহ ৯০ জনের নামে মামলা
আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক, নড়াইল-২ আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাশরাফি বিন মর্তুজাসহ ৯০ জনের নামে মামলা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেন সদর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ। মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।
লাইসেন্স ফিরে পেতে চায় সিটিসেল
২০১৬ সাল থেকে কার্যক্রম বন্ধ থাকা দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের লাইসেন্স ফেরত চেয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি দিয়েছে মালিক প্রতিষ্ঠান প্যাসিফিক বাংলাদেশ টেলিকম (পিবিটিএল)।
যুক্তরাষ্ট্র নিয়ে আমার দৃষ্টিভঙ্গি ট্রাম্পের চেয়ে সম্পূর্ণ ভিন্ন: কমলা হ্যারিস
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, যুক্তরাষ্ট্র সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের চেয়ে সম্পূর্ণ ভিন্ন।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়) মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ কর্তৃক আয়োজিত এক বিতর্ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে কমলা ও ট্রাম্প সরাসরি এই বিতর্কে মুখোমুখি হন।
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
সন্ধ্যা ৭.৩০ মিনিটে ভাষণটি বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে।
রাজশাহীতে সনাতন ধর্মাবলম্বীর বসতবাড়ি দখল ও প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১
রাজশাহীর বাঘায় সনাতন ধর্মাবলম্বীর বসতবাড়ি ও ভূমি দখল এবং প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত অভিযোগে মো. আলতাফ আলী (৫২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ সেপ্টেম্বর) রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
টেকসই অর্থনীতির ভিত তৈরিতে ১২ সদস্যের টাস্কফোর্স গঠন
ন্যায্য, টেকসই ও গতিশীল অর্থনীতির ভিত তৈরিতে ১২ সদস্য বিশিষ্ট টাস্কফোর্স গঠন করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক অফিস আদেশে এ টাস্কফোর্স গঠনের তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বৈষম্যহীন টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণের রিপোর্ট প্রণয়ন এবং একটি ন্যায্য, টেকসই ও গতিশীল অর্থনীতির ভিত তৈরির লক্ষ্যে ১২ সদস্য বিশিষ্ট টাস্কফোর্স গঠন করা হয়েছে।
পাচারকৃত অর্থ-সম্পদ ফেরত পাঠাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীকে চিঠি
বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ-সম্পদ অবিলম্বে ফ্রিজ করা এবং দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীকে যৌথভাবে চিঠি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-ইউএস। চিঠিতে অবৈধ অর্থ-সম্পদের মালিকদের জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) টিআইবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সরকারের সঙ্গে কূটনৈতিকভাবে কাজ চালিয়ে যাবে ভারত: জয়শঙ্কর
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়া না দেখিয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সরকারের সাথে কাজ চালায় ভারত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে মঙ্গলবার বার্লিনে তিনি এ কথা বলেন।
দুদিন পর কিশোর জয়ন্তের লাশ ফেরত দিয়েছে বিএসএফ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমার সিংহের মরদেহ দুদিন পর ফেরত দেওয়া
হয়েছে।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে ধনতলা সীমান্তের শূন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের পতাকা বৈঠকের পর লাশ হস্তান্তর করা হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে