অপরাহ্নের সারসংক্ষেপ
একনজরে বিকাল চারটা পর্যন্ত প্রধান সংবাদ (৮ সেপ্টেম্বর)
শিক্ষা জাতি গঠনের প্রধান হাতিয়ার : ড. ইউনূস
নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়তে আনুষ্ঠানিক ও উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। খবর ইউএনবি।
৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক বাণীতে তিনি বলেন, ‘শিক্ষা মানুষের অন্যতম মৌলিক অধিকার। জাতি গঠনের প্রধান হাতিয়ার।’
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে অবাক হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যর প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমি যতটা উদ্বিগ্ন তার চেয়ে বেশি অবাক। উনি এ ধরনের কথা কেন বললেন। আমি এটার কোন কারণ খুঁজে পাচ্ছি না। আমি কোন অবস্থাতেই মনে করি না ভারতের সাথে আমাদের যুদ্ধ বিগ্রহের আশংকা আছে।‘
রবিবার থেকে থাকছে না ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা
নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের ক্ষেত্রে বেধে দেয়া সর্বোচ্চ সীমা রবিবার (৮ সেপ্টেম্বর) থেকে তুলে দেওয়া হয়েছে। ফলে আজ থেকে যেকোনো পরিমাণের অর্থ ব্যাংক থেকে তুলতে পারবেন গ্রাহকরা।
শনিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ বিষয়টি নিশ্চিত করেন।
রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা
ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিকেলে নগরীর বিনোদপুর বাজার এলাকায় মারধরের শিকার হন তিনি।
নতুন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন
রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনকে দেশের ২৭তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি সাবেক পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হলেন।
১৯৯৪ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৩তম ব্যাচের এই কর্মকর্তা। এ ছাড়াও চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত কাতারের রাষ্ট্রদূত এবং ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত পর্যন্ত গ্রিসের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
পদত্যাগ করলেন ইউজিসি সদস্য অধ্যাপক আলমগীর
অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।
রবিবার (০৮ সেপ্টেম্বর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় আইসিটির তদন্ত শুরু
জুলাই-আগস্ট মাসে শিক্ষার্থীদের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তকাজ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।
রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় জানানো হয়, আজ থেকে তদন্তকাজ শুরু করবে আইসিটি।
পোশাক কারখানায় উৎপাদন স্বাভাবিক হচ্ছে
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্দেশনা মেনে রোববার (৮ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা খুলেছে।
তবে মালিক-শ্রমিকদের মধ্যে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় কিছু কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে।শিল্প পুলিশ সুপার মো. সরোয়ার আলম বলেন, চার ঘণ্টার মধ্যে অন্তত ৩০টি কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মঈন আলীর
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ৩৭ বছর বয়সী তারকা ক্রিকেটার মঈন আলী। তবে জাতীয় দল থেকে অবসর নিলেও আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবে এই ইংলিশ অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের আসন্ন সাদা বলের সিরিজে বিবেচিত হননি মঈন আলী। মূলত এ কারণেই অবসরের সিদ্ধান্ত নেন তিনি।
কন্যা সন্তানের বাবা-মা হলেন দীপিকা-রণবীর
প্রথম সন্তানের বাবা-মা হলেন বলিউড দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।
একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার (৮ সেপ্টেম্বর) কন্যা সন্তানের মা হন দীপিকা। তারা মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে তাদের নবজাতক সন্তানকে স্বাগত জানান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে