Views Bangladesh Logo

সিরিয়ালে পর এবার রুপালি পর্দায় আসছে ‘নাগিন’

একসময় টেলিভিশনের পর্দায় ‘নাগিন’ নামটিই ছিল দর্শকের উত্তেজনার অন্যতম কারণ। ইচ্ছাধারী নাগিন, প্রতিশোধ, প্রেম ও রহস্য। সব মিলিয়ে বছরের পর বছর টিআরপির দৌড়ে এগিয়ে থাকা জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি এবার বড় পর্দায় আসতে পারে। প্রযোজক একতা কাপুরের সাম্প্রতিক একটি পোস্ট ঘিরে জোরালো হয়েছে সেই জল্পনা।

নাগপঞ্চমী উপলক্ষে গত ১৭ আগস্ট ইনস্টাগ্রামে একটি টিজার ভিডিও প্রকাশ করেন একতা কাপুর। সেখানে ‘নাগিন’-এর আগের মৌসুমগুলোর জনপ্রিয় চরিত্র ও বিভিন্ন মুহূর্তের ঝলক দেখানো হয়। ভিডিওটির মাধ্যমে তিনি ইঙ্গিত দেন, ১১ বছর টেলিভিশনে রাজত্ব করার পর এবার এই আইকনিক ফ্র্যাঞ্চাইজিকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

তবে একতা কাপুরের প্রযোজনা প্রতিষ্ঠান বালাজি টেলিফিল্মসের পক্ষ থেকে এখনো সিনেমার নাম, মুক্তির তারিখ কিংবা অভিনয়শিল্পীদের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে ‘নাগিন’ সিনেমা হিসেবে আসছে—এ কথা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে একতার পোস্টের ভাষা দেখে ভক্তদের ধারণা, বড় পর্দায় ‘নাগিন’ আনার পরিকল্পনা বেশ এগিয়েছে।

২০১৫ সালে কালারস টিভিতে ‘নাগিন’-এর যাত্রা শুরু হয়। ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের গল্পকে কেন্দ্র করে তৈরি ফ্যান্টাসি ড্রামাটি দ্রুত দর্শকদের জনপ্রিয়তা পায়। ১১ বছরে সিরিজটির সাতটি মৌসুম প্রচারিত হয়েছে। সর্বশেষ সপ্তম মৌসুমের প্রচার শেষ হয় চলতি বছরের জুনে।

প্রথম দুই মৌসুমে মৌনী রায়ের অভিনয় ও গ্ল্যামার ‘নাগিন’-কে টিআরপির শীর্ষে নিয়ে যায়। পরে সুরভি জ্যোতি, নিয়া শর্মা, সুরভি চন্দনা, তেজস্বী প্রকাশ ও প্রিয়াঙ্কা চাহার চৌধুরীর মতো অভিনেত্রীরাও নাগিন চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন।

তবে ‘নাগিন’ সিনেমা হলে এলে এখন সবচেয়ে বড় প্রশ্ন—পুরোনো কোনো নাগিন কি ফিরবেন, নাকি এই আইকনিক চরিত্রে দেখা যাবে নতুন কোনো মুখ? সেই উত্তর অবশ্য মিলবে আনুষ্ঠানিক ঘোষণার পর।

এর আগে ২০২০ সালে শ্রদ্ধা কাপুরকে নিয়ে ‘নাগিন’ ট্রিলজি তৈরির ঘোষণা দিয়েছিলেন প্রযোজক নিখিল দ্বিবেদী। তবে সেই প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে থমকে আছে। অন্যদিকে কার্তিক আরিয়ানকে নিয়ে ধর্ম প্রোডাকশনসের ‘নাগজিলা’ সিনেমাটি ২০২৭ সালের ফেব্রুয়ারিতে মুক্তির কথা রয়েছে।

সব মিলিয়ে একতা কাপুরের ‘নাগিন’ সত্যিই যদি বড় পর্দায় আসে, তাহলে ছোট পর্দার পরিচিত সাপ-সাপিনির গল্প এবার আরও বড় পরিসর, ঝলমলে নির্মাণ ও সিনেমাটিক আবহে দর্শকদের সামনে হাজির হতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ