Views Bangladesh Logo

রোদঝলমলে আবহাওয়ার পর হঠাৎ বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি

সারাদিন রোদঝলমলে আবহাওয়ার পর শুক্রবার (১২ জুন) বিকেলে হঠাৎ করেই রাজধানী ঢাকার আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি, যা কোথাও কোথাও মুষলধারে বর্ষণে রূপ নেয়। বৃষ্টির সঙ্গে কিছু এলাকায় বজ্রপাতও দেখা গেছে।

রাজধানীর রামপুরা, বনশ্রী, মালিবাগ, মগবাজার, বেইলি রোড, কাকরাইল, শান্তিনগর, মতিঝিল, পল্টন, কমলাপুর, শাহজাহানপুর, কারওয়ানবাজার, বাংলামোটর, শাহবাগ, পান্থপথ, ধানমন্ডি ও গ্রিন রোডসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়। হঠাৎ এই বৃষ্টিতে কোথাও স্বস্তি নেমে এলেও অনেক স্থানে ভোগান্তির সৃষ্টি হয়।

বৃষ্টির কারণে নগরীর বেশ কিছু সড়কে যান চলাচল ধীর হয়ে যায়। অফিসফেরত মানুষ ও পথচারীরা বিপাকে পড়েন। অনেককে দোকান, বাসস্টপেজ ও বিভিন্ন ভবনের নিচে আশ্রয় নিতে দেখা যায়। ভারি বৃষ্টির ফলে কিছু এলাকায় পানি জমে যানজটও তৈরি হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এ কারণেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ