সুড়ঙ্গ-দাগির পর আবারও একসঙ্গে নিশো-তমা, তৃতীয় ছবির প্রস্তুতি শুরু
দর্শকপ্রিয় জুটি হিসেবে ইতিমধ্যে নিজেদের প্রমাণ করেছেন আফরান নিশো ও তমা মির্জা। ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র পর তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যেতে পারে এই জুটিকে। ২০২৬ সালের দুর্গাপূজা সামনে রেখে নির্মিতব্য নতুন এই সিনেমা নিয়ে ইতিমধ্যে প্রস্তুতিপর্ব শুরু হয়ে গেছে বলে জানা গেছে।
সিনেমাটির নাম এখনও চূড়ান্ত না হলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে, এর নির্মাতা হিসেবে থাকছেন পরিচালক ভিকি জাহেদ। উল্লেখযোগ্য বিষয় হলো, এটিই হতে যাচ্ছে তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
জানা গেছে, চলতি আগস্ট মাসেই শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। এর আগে মূল অভিনয়শিল্পীদের নিয়ে স্ক্রিপ্ট রিডিং সেশন অনুষ্ঠিত হওয়ার কথা, তারপরই ঢাকায় শুরু হবে মূল ধারণের কাজ। বর্তমানে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষাতেই রয়েছে সিনেমাটি।
তৃতীয়বার জুটি বাঁধা প্রসঙ্গে তমা মির্জা সম্প্রতি বলেছেন, ভালো কাজের স্বীকৃতি কারও কাছে দ্রুত আসে, আবার কারও কাছে সময় নিয়ে আসে। দেরিতে হলেও এই স্বীকৃতি পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তবে এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন পরিচালক ভিকি জাহেদ নিজে। এর আগে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি নিশো-তমার নতুন জুটি হওয়ার খবর অস্বীকার করে জানান, বর্তমানে তিনি ব্যস্ত আছেন ‘পুলসিরাত’ সিনেমার কাজ নিয়ে। যদিও চলচ্চিত্রসংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, প্রযোজনা পর্যায়ে প্রস্তুতি এগিয়ে চলছে পুরোদমে।
উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর, যেখানে তার বিপরীতে ছিলেন তমা মির্জা। এরপর ঈদে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমাতেও এই জুটি ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি দর্শক ও সমালোচক উভয়ের প্রশংসা কুড়ায়। সব পরিকল্পনা অনুযায়ী এগোলে, এবার দুর্গাপূজায় তৃতীয় সিনেমা নিয়ে নতুন গল্পে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় এই জুটি।
মতামত দিন