Views Bangladesh Logo

লিমনের পর নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টিও না ফেরার দেশে

 VB  Desk

ভিবি ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির পরিবার পেল এক হৃদয়বিদারক সংবাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত জানিয়েছেন, তাঁর বোন আর বেঁচে নেই। যদিও তাঁর মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

এর আগে শুক্রবার নিখোঁজ থাকা অপর বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ফ্লোরিডার স্থানীয় পুলিশ। হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয় জানায়, ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের দেহাংশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে বৃষ্টির ভাই জাহিদ হাসান তাঁর বোনের মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আমার বোন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ মুহূর্তেই পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

নিখোঁজ শিক্ষার্থী বৃষ্টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজ দুপুরে জাহিদ হাসান সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের আজ ভোরে যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশ ফোন করেছে। ওকে (বৃষ্টি) এখনো পাওয়া যায়নি, রিকভার (উদ্ধার) করা যায়নি। ওই সাসপেক্টর (গ্রেপ্তার হিশাম আবুঘরবেহ)...নিশ্চিত করেছে, এটা আসলে দুজনের। সন্দেহভাজন ব্যাক্তিটি আরেকটা বডি (মরদেহ) আসলে ডিসপোজ (নষ্ট করা) করতেছিল।’

যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশের বরাতে তিনি আরও বলেন, ‘আর আমাকে বলছে, মৃতদেহ পাওয়া যাবে কি না, সেটার নিশ্চয়তা তারা এখনো দিতে পারছে না।...সেখানকার স্থানীয় পুলিশ আমাকে ফোন করে এমনটাই বলেছে।’

অন্যান্য গণমাধ্যম জাহিদ হাসানের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বৃষ্টির বাসায় রক্তের মধ্যে পড়ে থাকা দেহের একটি অংশের সঙ্গে তার ডিএনএর মিল পাওয়া গেছে। তবে পূর্ণাঙ্গ মরদেহ উদ্ধারের বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত নয়।

এ ঘটনায় হিশাম সালেহ আবুঘরবেহ (২৬) নামে এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। হিশাম লিমনের সঙ্গে একই কক্ষে থাকতেন। তবে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বাড়ি থেকে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল নিখোঁজ হন লিমন ও বৃষ্টি। দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন। লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে এবং নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন। নিখোঁজ হওয়ার আগের দিন তাদের সর্বশেষ ক্যাম্পাসে দেখা গিয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ