চীনের স্কুলে ছুরিকাঘাতে নিহত ৮, আহত ১৭
চীনের একটি ভোকেশনাল স্কুলে ছুরিকাঘাতের ঘটনায় আটজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
শনিবার সন্ধ্যায় পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের ইক্সিং শহরের উক্সি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজিতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ২১ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি একই স্কুলের সাবেক শিক্ষার্থী। চলতি বছর তার স্নাতক পাস করার কথা ছিল। কিন্তু পরীক্ষায় তিনি অকৃতকার্য হন। এছাড়া তার ইন্টার্নশিপের বেতন সম্পর্কেও অসন্তোষ ছিল, যা তাকে এই হামলায় প্ররোচিত করেছে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও চীনা প্ল্যাটফর্ম উইবোতে এ সংক্রান্ত কোনো ভিডিও বা ছবি পাওয়া যাচ্ছে না। চীনা সরকার সাধারণত সংবেদনশীল বিষয়বস্তু ইন্টারনেটে নিয়ন্ত্রণ করে থাকে।
এই সপ্তাহে এটি চীনে দ্বিতীয় বড় হামলা। এর আগে এক ব্যক্তি গাড়ি চালিয়ে জনসমাবেশে ঢুকে ৩৫ জনকে হত্যা ও ৪৩ জনকে আহত করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে