Views Bangladesh Logo

ভারতের বিপক্ষে ভারতেই ‘হোম সিরিজ’ খেলবে আফগানিস্তান

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবারের মতো ভারতের বিপক্ষে স্বাগতিক হিসেবে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান। আগামী সেপ্টেম্বরে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ভারতীয় বোর্ডের (বিসিসিআই) কাছে ফিরতি সফরের প্রস্তাব দেওয়ার পর বিষয়টি ইতিবাচকভাবে এগিয়েছে বলে জানা গেছে।

বিসিসিআইয়ের একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সিরিজ আয়োজন নিয়ে দুই বোর্ডের মধ্যে নীতিগত সমঝোতা হয়েছে। ফলে ম্যাচগুলো ভারতের মাটিতে হলেও স্বাগতিক দলের মর্যাদা পাবে আফগানিস্তান।

ওই সূত্র জানায়, বিসিসিআই ও এসিবির মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। এর আগে আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মতো বোর্ডগুলোকে আর্থিকভাবে সহায়তা করতে ভারত সেসব দেশে সিরিজ খেলতে গেছে; একই ধরনের সমঝোতা এবার হয়েছে আফগানিস্তানের সঙ্গেও। কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে এ নিয়ে ঘোষণা আসবে।

ভেন্যু নির্ধারণে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) সঙ্গে সমন্বয় করা হচ্ছে। অরুণ জেটলি স্টেডিয়ামকে আফগানিস্তানের ‘হোম ভেন্যু’ হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। নিরাপত্তা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দলটি দীর্ঘদিন ধরেই নিজেদের আন্তর্জাতিক ম্যাচ দেশের বাইরে আয়োজন করে আসছে; অতীতে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন মাঠকে তারা স্বাগতিক ভেন্যু হিসেবে ব্যবহার করেছে।

সূত্রটি আরও জানায়, এসিবি ও ডিডিসিএর মধ্যে সমন্বয়ে মধ্যস্থতা করেছে বিসিসিআই। সিরিজের জন্য অরুণ জেটলি স্টেডিয়াম প্রস্তুত রাখা হচ্ছে এবং সে অনুযায়ী দিল্লি প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সূচিও সমন্বয় করছে ডিডিসিএ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ