ভারতের বাংলাদেশ সফরের পথে নতুন বাধা আফগানিস্তান সিরিজ
ভারতীয় দলের বাংলাদেশ সফরের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে এসেছে। বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আফগানিস্তানের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ্যে এসেছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রকাশিত তথ্য অনুযায়ী, আফগানিস্তানের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৩ সেপ্টেম্বর। এই সূচি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত বাংলাদেশ সফরের সময়সূচির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সিরিজ আয়োজন পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল দুই দলের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত সূচি অনুযায়ী, ছয়টি সীমিত ওভারের ম্যাচ হওয়ার কথা ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে। শেষ টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল ১৩ সেপ্টেম্বর।
তবে ক্রিকবাজ জানিয়েছে, ১৩ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে ভারত ও আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৫ সেপ্টেম্বর এবং তৃতীয় ম্যাচ ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ম্যাচগুলো ভারতের মাটিতে হলেও সিরিজটির আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
ক্রিকবাজ জানিয়েছে, বাণিজ্যিক অংশীদারদের কাছে পাঠানো আফগানিস্তান ক্রিকেট বোর্ডের একটি চিঠি তারা হাতে পেয়েছে। সেখানে বোর্ডটির প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিব খান নিশ্চিত করেছেন, আফগানিস্তানের ভারত সফর আগামী ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূচি ও ম্যাচের ভেন্যু ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত সূচির শেষ দিনই আফগানিস্তানের বিপক্ষে ভারতের সিরিজ শুরু হচ্ছে। ফলে বর্তমান পরিস্থিতিতে একই সময়ে দুই দেশে ভারতের সিরিজ খেলা সম্ভব নয়। বাংলাদেশ সফর শুরু করার জন্য ২৮ আগস্ট ভারতে দল পাঠাতে হলেও ১৩ সেপ্টেম্বরের মধ্যে ছয়টি ম্যাচ শেষ করে আবার আফগানিস্তান সিরিজের জন্য প্রস্তুত হতে হবে ভারতকে।
প্রস্তাবিত সূচির সময়ও দ্রুত ঘনিয়ে আসছে। বাংলাদেশ সিরিজের জন্য নির্ধারিত সময় শুরু হতে এখন তিন সপ্তাহেরও কম বাকি। ফলে শেষ মুহূর্তে দুই দেশের সরকারের পক্ষ থেকে কোনো অপ্রত্যাশিত সিদ্ধান্ত না এলে ভারতের বাংলাদেশ সফর বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে।
মতামত দিন