সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তান, বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজ
বেলফাস্টে আয়ারল্যান্ডকে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে আফগানিস্তান। তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ৩ উইকেটে পরাজিত করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে রশিদ খানের দল। আফগানিস্তানের এই সাফল্যের ফলে সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশেরও। অন্যদিকে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে এবারও পেরোতে হবে বাছাইপর্বের কঠিন ধাপ।
বিশ্বকাপের সরাসরি টিকিট পাওয়া দলগুলোর তালিকায় আফগানিস্তানের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও বাংলাদেশ। স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েও মূল পর্বে থাকছে। ওয়ানডে র্যাঙ্কিংয়ের বর্তমান অবস্থান অনুযায়ী আফগানিস্তান ৯১ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে। বাংলাদেশ ৮৩ পয়েন্ট নিয়ে নবম এবং ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭৭ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে থাকায় তাদের স্বাগতিক কোটা আলাদা থাকছে। ফলে নবম অবস্থানে থাকা বাংলাদেশও সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।
আগে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য র্যাঙ্কিংয়ের হিসাবের শেষ সময় ধরা হয়েছিল ২০২৭ সালের ৩১ মার্চ। পরে সেই সময়সীমা এগিয়ে এনে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। এই সময়ের মধ্যে বাংলাদেশের ভারত সফরে তিনটি ওয়ানডে এবং ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দুটি ওয়ানডে খেলার কথা রয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজ ওই দুই ম্যাচে জয় পেলেও বাংলাদেশকে টপকে সরাসরি বিশ্বকাপে ওঠার মতো অবস্থানে পৌঁছাতে পারবে না।
বেলফাস্টে অবশ্য আফগানিস্তানের বিশ্বকাপ নিশ্চিত করার গল্পটা ছিল বেশ নাটকীয়। আগে ব্যাট করে আয়ারল্যান্ড ৪৬.৩ ওভারে ২০৬ রানে অলআউট হয়। জবাবে ৩০.৫ ওভারে ১৫৪ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। তখন দলের হাল ধরেন রশিদ খান। সাত নম্বরে নেমে ৪৩ বলে অপরাজিত ৩৭ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ৩১ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পায় আফগানিস্তান। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি বল হাতে ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরাও হন রশিদ।
পাঁচ ম্যাচের সিরিজে আফগানিস্তান এখন ২-০ ব্যবধানে এগিয়ে। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। তবে সেই ম্যাচের ফল না হওয়াই শেষ পর্যন্ত আয়ারল্যান্ডকে সরাসরি বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে দিয়েছে। সিরিজের বাকি দুটি ম্যাচ বেলফাস্টেই হওয়ার কথা। আগামীকাল চতুর্থ ওয়ানডেতে আবার মুখোমুখি হবে দুই দল, এরপর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।
এদিকে বিশ্বকাপের বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবে আয়ারল্যান্ডসহ আরও আটটি দল। আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত ১০ দলের এই বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা। বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দলও পাবে বিশ্বকাপে খেলার সুযোগ। তবে নতুন ফরম্যাট অনুযায়ী ওই তিন দলকে মূল বিশ্বকাপের আগে খেলতে হবে ‘সুপার সিরিজ’ পর্ব। সেখানে তিন দলের মধ্যে সেরা দলটি পাবে বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার সুযোগ।
মতামত দিন