Views Bangladesh Logo

না ফেরার দেশে আফগান ক্রিকেটার শাপুর জাদরান

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই। বিরল রোগ হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিসে (এইচএলএইচ) আক্রান্ত এই ক্রিকেটার আজ দিল্লির একটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৮ বছর।

শাপুরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছোট ভাই ঘামাই জাদরান। চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য শাপুরকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল।

আফগান ক্রিকেটের উত্থানে বড় ভূমিকা রাখা এই পেসারের আন্তর্জাতিক অভিষেক ২০০৯ সালে। আফগানিস্তানের হয়ে ৪৪টি ওয়ানডে ও ৩৬টি টি-টুয়েন্টি খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার শিকার ৮০ উইকেট।

ক্যারিয়ারের সেরা সময়টা শাপুর কাটিয়েছেন ২০১৫ বিশ্বকাপে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে নিয়েছিলেন ১০ উইকেট, যা ছিল আফগান বোলারদের মধ্যে সর্বোচ্চ। ২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে আফগানিস্তানের হয়ে খেলেছেন চারটি টি-টুয়েন্টি বিশ্বকাপেও। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৫টি ম্যাচ খেলা এই পেসার খেলে গেছেন বিপিএলেও।

শাপুরের মৃত্যুতে শোক জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলেছে, ‘মাঠে সাফল্যের বাইরেও শাপুর জাদরান ছিলেন বহু তরুণ আফগান ক্রিকেটার এবং বিশ্বজুড়ে ভক্তদের জন্য এক সত্যিকারের অনুপ্রেরণা। তার লড়াকু মানসিকতা, দৃঢ় সংকল্প এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা অনেক মানুষকে আশা জুগিয়েছিল। তিনি একটি পুরো প্রজন্মকে আরও বড় স্বপ্ন দেখতে এবং আফগান ক্রিকেটের ভবিষ্যৎকে বিশ্বাস করতে উৎসাহ দিয়েছিলেন।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ