Views Bangladesh Logo

বাংলাদেশকে ১৪ কোটি ইউরো ঋণ দিচ্ছে ফরাসি উন্নয়ন সংস্থা ‘এএফডি’

বাংলাদেশের জন্য ২০২৭ সালে ১০ কোটি ইউরোর জলবায়ু নীতিঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে ফরাসি উন্নয়ন সংস্থা এজেন্স ফ্রঁসেজ দ্য ডেভেলপমেন্ট (এএফডি)। ২০২৮ সালে পানি সরবরাহ ও স্যানিটেশন খাতে আরও ৪ কোটি ইউরোর সহায়তার কথাও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এএফডি ও বাংলাদেশ সরকারের মধ্যে সপ্তম বার্ষিক পরামর্শ সভায় এসব ঘোষণা আসে। ৯ ও ১০ নভেম্বর প্যারিসে সভাটি অনুষ্ঠিত হয়।সভায় দুই পক্ষ ‘এক্সপার্টিজ অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ফান্ড’ (ফেরক) চুক্তির একটি সংশোধনীতে সই করেছে।

বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতার সার্বিক অবস্থা, এএফডির চলমান প্রকল্প এবং কৌশলগত অগ্রাধিকার পর্যালোচনা করা হয়। এতে সরকারের উন্নয়ন এজেন্ডার সঙ্গে সংগতিপূর্ণ চলমান ও প্রস্তাবিত প্রকল্পও আলোচনায় ছিল।

ভবিষ্যৎ অর্থায়নের রূপরেখা অনুযায়ী, ২০২৯–২০৩০ সালে সহযোগিতা নতুন কৌশলগত ক্ষেত্রে সম্প্রসারণে একমত হয়েছে দুই পক্ষ। এর মধ্যে আছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভেট), দক্ষতা উন্নয়ন এবং বেসরকারি খাতে সরকারি গ্যারান্টিবিহীন অর্থায়ন (নন-সভরেন ফাইন্যান্সিং)।

বাংলাদেশ পক্ষ উন্নয়ন ও সংস্কারের পঞ্চম পঞ্চবার্ষিক কৌশলপত্রে (২০২৬–২০৩১) নির্ধারিত অগ্রাধিকারের কথা তুলে ধরে। এসব ক্ষেত্রে সহায়তা প্রয়োজন বলে জানানো হয়: সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, পুঁজিবাজারের উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নদী পুনরুদ্ধার, জলবায়ু সহনশীলতা, নিম্ন-কার্বন অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানি। নীতিভিত্তিক ঋণ এবং সুষম আঞ্চলিক উন্নয়নের জন্য আর্থিক ও কারিগরি সহায়তাও চেয়েছে ঢাকা।

এএফডির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের অগ্রাধিকারগুলো মূলত সংস্থাটির নিজস্ব কৌশলের সঙ্গে মিলে যায়। দেশের উন্নয়নের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা চালিয়ে যেতেও আগ্রহ প্রকাশ করে তারা। জলবায়ু ও অভিযোজনে আরও বেশি জোর দিয়ে, নিজেদের বিভিন্ন অর্থায়ন-সরঞ্জাম ও কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশের জলবায়ু সহনশীলতা বাড়াতে সহায়তার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করে সংস্থাটি।

বাংলাদেশে বর্তমানে ১২টি চলমান উন্নয়ন প্রকল্পে এএফডির মোট অঙ্গীকার ১ হাজার ৭৫৪ দশমিক ৮১ মিলিয়ন মার্কিন ডলার, যা ১ হাজার ৪৮৪ দশমিক ৭৬ মিলিয়ন ইউরোর সমান। এর মধ্যে ঋণ ১ হাজার ৭৩৬ দশমিক ১৯ মিলিয়ন ডলার এবং অনুদান ১৮ দশমিক ৬২ মিলিয়ন ডলার।

বৈঠকটি যৌথভাবে সভাপতিত্ব করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এএফডির ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়া বিভাগের প্রধান সিরিল বেলিয়ের। এএফডির কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা ও সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ