Views Bangladesh Logo

তিন মাসব্যাপী কর্মসূচির আওতায় এডিস মশার লার্ভা ধ্বংস করা হবে: প্রতিমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারা দেশে তিন মাসব্যাপী ক্র্যাশ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে সরকার। এ কর্মসূচির আওতায় এডিস মশার লার্ভা ধ্বংসের পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস বাস্তবায়ন উপলক্ষে জরুরি মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—বছরের এই সময়ে এডিস মশার লার্ভা বেশি হয় এবং ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ে। এ আশঙ্কা থেকেই আগামী ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে।

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আগামী ১২ সেপ্টেম্বর সকাল ৯টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশেষ এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রতিমন্ত্রী জানান, উদ্বোধনকালে জেলা ও উপজেলা পরিষদগুলো জুমের মাধ্যমে যুক্ত থাকবে।

মীর শাহে আলম বলেন, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও মহানগর এলাকায় এডিস মশার লার্ভা ধ্বংস এবং অন্যান্য ময়লা পরিষ্কারে ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে। কলেজ, হাইস্কুল ও মাদ্রাসায় প্রতি শনিবার শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠান এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবেন। পাশাপাশি সিটি করপোরেশন ও পৌরসভাগুলো তাদের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাবে।

তিনি জানান, খুলনা, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রামে ডেঙ্গু রোগী বেশি। বরিশালেও রোগী বেশি, বিশেষ করে পিরোজপুরে। অন্যদিকে সিলেট ও রংপুরে রোগী নেই বললেই চলে এবং রাজশাহীতে কিছু রোগী রয়েছে।

এ সময় ডেঙ্গুর চিকিৎসায় পর্যাপ্ত স্যালাইন ও পরীক্ষার কিট রয়েছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, গতকাল থেকে ইলেকট্রনিক বিলবোর্ডে প্রতি ঘণ্টায় দুই থেকে তিনবার ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক ভিডিও প্রচার করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারের জন্যও প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন।

এর আগে গত ৭ সেপ্টেম্বর ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ীই তিন মাসব্যাপী এই প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি নেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ