Views Bangladesh Logo

মুক্তির পর পুনরায় অবরুদ্ধ উপদেষ্টা ও প্রেস সচিব

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বর্তমানে কলেজ ভবনের ভেতরেই অবস্থান করছেন।

মঙ্গলবার (২২ জুলাই) বিকাল সাড়ে ৩টায় তারা পুলিশি পাহারায় কলেজ ভবন ত্যাগের চেষ্টা করলেও গেট পার হওয়ার আগেই দিয়াবাড়ি গোল চত্বরে শিক্ষার্থীরা সড়কে নেমে এসে তাদের গতিরোধ করে। বাধ্য হয়ে উপদেষ্টারা আবার ক্যাম্পাসে ফিরে যান।

এর আগে সকাল থেকে কলেজ প্রাঙ্গণে ছয় দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। দাবিগুলোর মধ্যে ছিল ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ, দায়ীদের বিচারের আওতায় আনা এবং নিরাপত্তা জোরদারসহ একাধিক বিষয়। সকাল পৌনে ১০টার দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ক্যাম্পাসে এলে শিক্ষার্থীরা তার বিরুদ্ধে স্লোগান দেন—‘ভুয়া ভুয়া’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি।

পরবর্তীতে আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রেস সচিবদের উপস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বেলা সাড়ে ১২টায় আসিফ নজরুল শিক্ষার্থীদের সব দাবি মানার আশ্বাস দিলেও ক্ষুব্ধ শিক্ষার্থীরা ফের বিক্ষোভে ফেটে পড়ে এবং পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। উপদেষ্টারা দ্রুত কলেজের সম্মেলন কক্ষে সরে যান।

দুপুর সোয়া ২টার দিকে উপদেষ্টারা ক্যাম্পাস ছাড়বেন এমন খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা মূল ফটকে অবস্থান নেয় ও অবরোধ সৃষ্টি করে। এ সময় পুলিশের একটি ডাবল কেবিন পিকআপ ভাঙচুরের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক প্লাটুন দাঙ্গা পুলিশ, এপিবিএন, ডিএমপির রিজার্ভ ফোর্স এবং কাউন্টার টেরোরিজম ইউনিট (এটিইউ) ক্যাম্পাসে মোতায়েন করা হয়।

শিক্ষকদের আহ্বানে ধীরে ধীরে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি স্থগিত করে ক্যাম্পাস ত্যাগ করে। তবে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়ায় উপদেষ্টারা এখনো কলেজের ভেতরেই অবস্থান করছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ