শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিধিনিষেধ মানার আহ্বান তথ্য উপদেষ্টার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর মতে, শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকায় বাংলাদেশের গণমাধ্যমে তাঁর বক্তব্য সরাসরি প্রচার করা সমীচীন নয়।
মঙ্গলবার (৩০ জুন) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এই আহ্বান জানান তথ্য উপদেষ্টা।
ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’কে দেওয়া শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার দেশের কিছু গণমাধ্যমে প্রচারিত হওয়া প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, “অনেক মিডিয়া এই কাজ করছে। তারা আদালতের নির্দেশনা মানছেন না—এটা একটা বাস্তবতা। তথ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে গণমাধ্যমকে আহ্বান জানাচ্ছে, তারা যেন এই কাজটি না করেন। প্রয়োজনে বিষয়টি আনুষ্ঠানিকভাবেও জানানো হবে।”
এই বিষয়ে সরকার আপাতত কঠোর অবস্থানে যাচ্ছে না বলে স্পষ্ট করেন তিনি। তবে গণমাধ্যমের উচিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং ভবিষ্যতে প্রয়োজন পড়লে ব্যবস্থা নেওয়ার চিন্তাও সরকারের রয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা।
বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রকাশিত হলে তা বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যায় বলে স্বীকার করেন ডা. জাহেদ। তবে দেশের অভ্যন্তরে আদালতের নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থায় দেশীয় গণমাধ্যমে তা প্রচার করা কোনোভাবেই সমীচীন নয় বলে মন্তব্য করেন তিনি।
মতামত দিন