Views Bangladesh Logo

উপদেষ্টা মাহফুজের বাবার ওপর হামলা

লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনা ঘটেছে।

এই হামলার ঘটনায় তিনি হাতে আঘাত পান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি বাড়িতে আছেন।

রোববার সন্ধ্যায় উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামে তাঁর নিজ বাড়ির সামনেই এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু মোল্লা তার ভাতিজা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী মঞ্জুর বাড়িতে হামলার প্রতিবাদ করতে গেলে হামলার শিকার হন।

এব্যাপারে রামগঞ্জ থানার ওসি আবুল বাশার জানান, বাচ্চু মোল্লার বাড়ির সামনে দুটি পক্ষ ঝামেলায় জড়ায়। তখন উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করলে একটি পক্ষের লোকজন তাকে আঘাত করে। তবে, থানায় এব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি।

এদিকে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী মঞ্জু বলেন, 'অসুস্থ মাকে দেখতে বিকালে বাড়িতে যাই। খবর পেয়ে বিএনপির লোকজন বাড়িতে হামলা করে। তখন বাচ্চু কাকা বাধা দিতে গিয়ে হামলার শিকার হন।'

ইছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. অলিউল্লাহ বলেন, 'ঘটনাটি শুনেছি। আমি এলাকায় নেই। এ হামলায় যারাই জড়িত হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে ইউনিয়ন বিএনপি।'

এদিকে এই হামলার প্রতিবাদে রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল করে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ