বঙ্গভবনের দরবার হল থেকে সরানো হলো শেখ মুজিবুরের ছবি
বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম।
সোমবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিসহ দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। সেই পোস্টে দেখা যায়, দরবার হলের যেখানে দাঁড়িয়ে মাহফুজ আলম ছবি তুলেছেন, সেখানকার দেয়ালে শেখ মুজিবুর রহমানের ছবি দেখা যায়নি। আগে সেখানে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল।
মাহফুজ আলম লিখেছেন, ‘’৭১-পরবর্তী ফ্যাসিস্ট নেতা শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তাঁর ছবি সরাতে পারিনি। ক্ষমাপ্রার্থী। কিন্তু মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাঁকে কোথাও দেখা যাবে না।’
তিনি আরও লিখেন, ‘শেখ মুজিব ও তাঁর মেয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছেন, তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই দায় স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে। এর মধ্যে রয়েছে-অগণতান্ত্রিক ’৭২-এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, হাজার হাজার কোটি অর্থ পাচার, হাজার হাজার ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচারবহির্ভূত হত্যা (১৯৭২-’৭৫, ২০০৯-’২৪)। তাহলেই আমরা ’৭১-এর আগের শেখ মুজিবের কথা বলতে পারি। ক্ষমা প্রার্থনা ও ফ্যাসিস্টদের বিচার ছাড়া কোনো ধরনের পুনর্মিলন হবে না।’
গত রবিবার (১০ নভেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কারী মাহফুজ আলম, ব্যবসায়ী এসকে বশির উদ্দিন এবং চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে