আটক আরমানকে মুক্ত করলেন উপদেষ্টা আসিফ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভূঁইয়া রাজধানীর পল্টনে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের মিছিল ছত্রভঙ্গ করার সময় আটক এক ব্যক্তিকে মুক্ত করেছেন। ওই ব্যক্তির নাম আরমান আলী (৪০)। তিনি সাংবাদিকদের জানান, তিনি রাজধানীর কারওয়ান বাজারের একটি কাঁচামাল গুদামে কাজ করছেন।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে উপদেষ্টা আসিফ রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়ে আরমানকে মুক্ত করেন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
আসিফ মাহমুদ সাজীব ভূঁইয়া বলেন, ‘আরমানকে সন্দেহভাজন হিসেবে সেনাবাহিনী ধরে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছিল। এ তথ্য পাওয়ার পর আমি ডিবি অফিস থেকে তাকে মুক্ত করে হাসপাতালে নিয়ে আসি।’
আরমান আলী জানান, তিনি কারওয়ান বাজারের একটি দোকানে কাজ করেন এবং তার বাসা ফকিরাপুল পানির ট্যাংকের কাছে। ঘটনার সময় তিনি বাসায় ফিরছিলেন। তখন হিযবুত তাহরীরের সদস্যরা তাকে মারধর করে। এরপর আইনশৃঙ্খলা বাহিনী তাকে সেখান থেকে আটক করে।
এদিকে, পল্টনের ঘটনার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে, যেখানে পুলিশকে হিযবুত তাহরীরের এক সদস্যকে মারধর করতে দেখা গেছে। ভিডিওতে আরমানকেও ওই সদস্যকে আক্রমণ করতে দেখা যায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে