দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট সূচিতে বিপর্যয়
বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। মঙ্গলবার (২৬ মে) একটি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট নির্ধারিত সময় অনুযায়ী চলাচল করতে পারেনি।
বিমানবন্দরের প্রকৌশলী (জনসংযোগ) মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘খারাপ আবহাওয়ার কারণে ইউএস-বাংলা এয়ারলাইনস-এর ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইট বিএস-১০৫ বাতিল করা হয়েছে। এছাড়া আরও কয়েকটি ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করতে হয়েছে।’
তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর মদিনা-চট্টগ্রাম ফ্লাইট বিজি-১৩৮ খারাপ আবহাওয়ার কারণে সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকায় ডাইভার্ট করা হয়। পরে দুপুর ২টা ১ মিনিটে সেটি চট্টগ্রামে ফিরে আসে। এরপর বিকেল ৩টা ২০ মিনিটে অভ্যন্তরীণ ফ্লাইট হিসেবে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এদিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইট বিএস-৩৪২ চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে প্রায় সাড়ে চার ঘণ্টা বিলম্বে বিকেল ৩টা ৯ মিনিটে ছেড়ে যায়।
অন্যদিকে ফ্লাইদুবাই চট্টগ্রাম-দুবাই রুটের ফ্লাইট এফডিবি-৫৬৪ প্রায় তিন ঘণ্টা বিলম্বে দুপুর ১২টা ১৬ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দর ত্যাগ করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে