আজ থেকে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (১৩ মার্চ) অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে ২৩ মার্চের যাত্রার টিকিট পাওয়া যাচ্ছে।
যাত্রীদের সুবিধার্থে এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।
সকালে ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। অন্যদিকে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
রাজধানীর রেল ভবনে সম্প্রতি অনুষ্ঠিত ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রা প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলওয়ের ঘোষণা অনুযায়ী, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।
এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের যাত্রার টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচে মোট আসনের ২৫ শতাংশ সমপরিমাণ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারেই কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহের সুযোগ থাকবে। তবে এসব টিকিট রিফান্ডযোগ্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে