Views Bangladesh Logo

ঈদযাত্রায় ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আজ মঙ্গলবার (৩ মার্চ) থেকে ট্রেন ও দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যাত্রীদের মধ্যে টিকিট সংগ্রহে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার শতভাগ অগ্রিম টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর চাপ কমাতে অঞ্চলভিত্তিক আলাদা সময়ে টিকিট ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে। যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারছেন।

৩ মার্চ বিক্রি হচ্ছে ১৩ মার্চের যাত্রার টিকিট। পর্যায়ক্রমে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ মার্চ যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চের টিকিট পাওয়া যাবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে, যা চলবে ১৯ মার্চ পর্যন্ত। সে অনুযায়ী ২৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত ফিরতি যাত্রার টিকিট পর্যায়ক্রমে ছাড়া হবে।

ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে ৫ জোড়া বিশেষ ট্রেনসহ মোট ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। পাশাপাশি পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত মিটারগেজ কোচ সংযুক্ত করা হবে। ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল থাকবে।

এ ছাড়া অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের জন্য যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং (আসনবিহীন) টিকিট বিক্রি করা হবে।

অন্যদিকে ঈদকে সামনে রেখে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রিও আজ থেকে শুরু হয়েছে। ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের টিকিট যাত্রীরা কাউন্টার ও অনলাইন—উভয় মাধ্যমেই সংগ্রহ করতে পারবেন। বাস কোম্পানিগুলো নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের বাস, সময় ও আসন নির্বাচন করে টিকিট কেনার সুযোগ দিচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ