Views Bangladesh Logo

বাস-ট্রাকসহ বাণিজ্যিক যানবাহনে অগ্রিম আয়কর বাড়ছে

২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযানগুলোর ওপর অগ্রিম আয়কর হার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে কয়েকটি নতুন ধরনের যানবাহনকে করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বাজেট প্রস্তাবের অংশ হিসেবে এ তথ্য জানানো হয়।

প্রস্তাব অনুযায়ী, বাস, ট্রাক, মিনিবাস, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার, পিকআপ, হিউম্যান হলার, অটোরিকশা ও ট্যাক্সি ক্যাবসহ বিভিন্ন যানবাহনের অগ্রিম কর দেড় থেকে দ্বিগুণ পর্যন্ত বাড়ানো হচ্ছে।

উদাহরণ হিসেবে ৫২ আসনের বাসের কর ১৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। মিনিবাসের ক্ষেত্রে ১১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা, কোস্টারের ক্ষেত্রে ১৬ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে।

এছাড়া ৫ থেকে ২০ টন ধারণক্ষমতার ট্রাকের কর ১৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা এবং ২০ টনের বেশি ট্রাকের ক্ষেত্রে ১৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আগামী অর্থবছরে মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়নের সময় নির্ধারিত হারে অগ্রিম কর পরিশোধ বাধ্যতামূলক করা হতে পারে। কর পরিশোধের চালান ছাড়া কোনো যানবাহনের নিবন্ধন বা ফিটনেস নবায়ন করা যাবে না।

নতুন প্রস্তাবে ক্রেন, ট্রাক্টর, ডাম্পট্রাক, কাভার্ড ভ্যান, কার্গো ভ্যান, এক্সকাভেটর, ড্রেজার, রোলার ও কংক্রিট মিক্সারসহ বিভিন্ন হেভি ও স্পেশাল পারপাস যানবাহনকে পৃথকভাবে করের আওতায় আনা হয়েছে। এসব ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম কর নির্ধারণের প্রস্তাব রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ