Views Bangladesh Logo

আজ থেকে ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট বিক্রির মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে আজ দুপুর ২টা থেকে। বরাবরের মতোই যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে শতভাগ টিকিট অনলাইন থেকে সংগ্রহ করতে পারছেন।

রেলওয়ের ঘোষিত সূচি অনুযায়ী, ১৩ মে বিক্রি করা হচ্ছে ২৩ মে’র যাত্রার টিকিট। একইভাবে ১৪ মে ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে ২৭ মে’র টিকিট বিক্রি করা হবে। ঘরমুখো মানুষের সুবিধার্থে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী ২১ মে থেকে। সেদিন পাওয়া যাবে ৩১ মে’র টিকিট। পর্যায়ক্রমে ২২ মে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের ফিরতি টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

টিকিট কেনার ক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষ কিছু নির্দেশনা প্রদান করেছে। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টায় উন্মুক্ত করা হবে। একজন যাত্রী ঈদযাত্রা ও ফিরতি যাত্রায় সর্বোচ্চ একবার টিকিট কাটার সুযোগ পাবেন এবং প্রতিবারে সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন। তবে চারটি টিকিট কেনার সময় অবশ্যই সহযাত্রীদের নাম ইনপুট দিতে হবে। উল্লেখ্য যে, এবারের ঈদের অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরতযোগ্য নয়। তবে সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিরাপদ ভ্রমণের লক্ষ্যে অননুমোদিত ব্যক্তি, ফেসবুক পেজ বা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে টিকিট কেনাবেচা না করার জন্য কঠোর আহ্বান জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, সরকারি মাধ্যম ছাড়া অন্য কোথাও থেকে টিকিট কিনলে প্রতারিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। তাই টিকিট সংগ্রহের জন্য শুধুমাত্র রেলওয়ের অনুমোদিত প্ল্যাটফর্মগুলো ব্যবহারের জন্য যাত্রীদের অনুরোধ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ