Views Bangladesh Logo

এবার লন্ডনে চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রাজীবের ‘আলী’

গত বছর কান চলচ্চিত্র উৎসবে ঐতিহাসিক যাত্রার পর এবার আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি বড় সাফল্য অর্জন করল বাংলাদেশি নির্মাতা আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'আলী'। লন্ডনে অনুষ্ঠিত ‘সাউথ বাই সাউথওয়েস্ট’ (এসএক্সএসডব্লিউ) চলচ্চিত্র উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার (শর্ট ফিল্ম প্রাইজ) জিতেছে সিনেমাটি। বুধবার (১০ জুন) উৎসব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই পুরস্কারের ঘোষণা দেয়।

উৎসবের অফিসিয়াল ঘোষণায় বলা হয়েছে, ‘দারুণ খবর! উপকূলীয় অঞ্চলের নারীদের গান গাওয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘আলী’ আমাদের শর্ট ফিল্ম প্রাইজ জিতেছে।’

এই পুরস্কারের অংশ হিসেবে নির্মাতা আদনান আল রাজীব তার পরবর্তী চলচ্চিত্রের জন্য ১০ হাজার মার্কিন ডলার সমমূল্যের পোস্ট-প্রোডাকশন (নির্মাণ-পরবর্তী কাজ) সহায়তা পাবেন। সিনেমাটির প্রশংসা করে উৎসবের জুরি বোর্ডের সদস্যরা মন্তব্য করেন, ‘একজন পরিচালকের প্রথম কাজই গল্প বলা এবং চলচ্চিত্র নির্মাণের এমন চমৎকার ও নতুন দৃষ্টিভঙ্গি দেখা সত্যিই অবিশ্বাস্য।’

স্মরণীয় এই অর্জনের খবরটি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে আদনান লেখেন, “'আলী' আবারও জিতল! এটি সত্যিই দারুণ এক খবর। উৎসব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।”

চলচ্চিত্রটির আলী চরিত্রে অভিনয় করেছেন আল আমিন।

উল্লেখ্য, গত বছর কানের মূল প্রতিযোগিতায় সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের 'পাম দোর' (স্বর্ণপাম)-এর জন্য মনোনীত হয়ে প্রথম বাংলাদেশি শর্ট ফিল্ম হিসেবে ইতিহাস গড়েছিল 'আলী'। সেখানে সিনেমাটি জুরিদের কাছ থেকে 'বিশেষ সম্মাননা' (স্পেশাল মেনশন) লাভ করে। এরপর থেকে সিনেমাটি বিশ্বের বিভিন্ন নামিদামি উৎসবে প্রদর্শন করা হয়েছে এবং জার্মানির 'ফিল্মফেস্ট ব্রেমেন'-এ 'ডাইভারসিটি অ্যাওয়ার্ড'সহ বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার ঝুলিতে পুরেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ