ভর্তি পরীক্ষা নয়, ফলের ভিত্তিতে একাদশে ভর্তির প্রস্তাব
চলতি শিক্ষাবর্ষেও এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করার প্রস্তাব করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন মিললে আগের বছরের মতো এবারও কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
সোমবার (৩ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালার খসড়া ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।
তিনি বলেন, এবার ভর্তি প্রক্রিয়ায় বড় কোনো পরিবর্তন আসছে না। এসএসসি ও সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং শিক্ষার্থীর পছন্দক্রমের ভিত্তিতেই কলেজে ভর্তি নিশ্চিত করা হবে। আগামী ১০ আগস্ট ফল প্রকাশের আগেই ভর্তি নীতিমালা জারি হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে স্কুলে ভর্তিতে পরীক্ষা পদ্ধতি পুনর্বহালের ঘোষণা আসায় একাদশ শ্রেণিতেও ভর্তি পরীক্ষা চালু হবে কি না, তা নিয়ে আলোচনা ছিল। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রস্তাবে আগের পদ্ধতিই বহাল রাখা হয়েছে।
আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশ পিছিয়ে যাওয়ায় একাদশে ভর্তির আবেদন ও অন্যান্য কার্যক্রমের নতুন সূচিও পরিবর্তন হচ্ছে। এ বিষয়ে চলতি সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।
সারা দেশের কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণিতে ২৬ লাখের বেশি আসন রয়েছে। অন্যদিকে, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী। ফলে এবারও উল্লেখযোগ্যসংখ্যক আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে।
তবে আদালতের নির্দেশনা অনুযায়ী নটর ডেম কলেজ, হলিক্রস কলেজসহ চার্চ পরিচালিত কলেজগুলোতে আগের মতোই ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
মতামত দিন