Views Bangladesh Logo

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তির আবেদন শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে গবেষক ভর্তির আবেদন শুরু হয়েছে। পূর্ণকালীন ও খণ্ডকালীন উভয় ধরনের গবেষক এ ভর্তি কার্যক্রমে অংশ নিতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ এ তথ্য জানান। তিনি জানান, গত ৩ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

ভর্তিচ্ছুদের প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি–বিষয়ক ওয়েবসাইটে গিয়ে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের পর নির্ধারিত প্রাথমিক আবেদন ফি পরিশোধ করতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে ব্যবহার করা যাবে। চাইলে পে-স্লিপ ডাউনলোড করেও ফি জমা দেওয়া যাবে।

আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রার্থীদের প্রাথমিক আবেদন ফরমের একটি মুদ্রিত কপি সংগ্রহ করতে হবে। অনলাইন থেকে ফরমের প্রিন্ট কপি নেওয়ার শেষ সময় ১১ অক্টোবর।

এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিষয়, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে। কোন কোন বিষয়ে গবেষক নেওয়া হবে, আবেদনকারীর প্রয়োজনীয় যোগ্যতা কী এবং ভর্তির অন্যান্য শর্ত কী, তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি–বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ও ফি পরিশোধের কার্যক্রম শেষ করার জন্য বলা হয়েছে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ভর্তি বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ