‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল নাজমুলের চাকরিতে বহালের নির্দেশ
রাজধানীর ফার্মগেটে ২০২২ সালের বহুল আলোচিত ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে পুনরায় চাকরিতে বহাল করার নির্দেশ দিয়েছেন প্রশাসনিক ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রশাসনিক ট্রাইব্যুনাল-১-এর বিচারক আমিরুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাজমুল তারেকের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহিম কাজল। তিনি জানান, আদালত নাজমুলকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন।
২০২২ সালের ২ এপ্রিল রাজধানীর ফার্মগেট এলাকায় এ ঘটনা ঘটে। সে সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগে কর্মরত ছিলেন কনস্টেবল নাজমুল তারেক। অভিযোগ ছিল, উল্টো পথে মোটরসাইকেল চালানোর সময় তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারের সঙ্গে তার তর্ক হয়।
পরে লতা সমাদ্দার অভিযোগ করেন, পুলিশের পোশাক পরা এক ব্যক্তি তাকে ‘টিপ পরছোস কেন’ বলে কটূক্তি করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তদন্ত শেষে নাজমুল তারেককে প্রথমে সাময়িক বরখাস্ত এবং পরে বিভাগীয় প্রক্রিয়ায় চাকরিচ্যুত করা হয়।
তবে শুরু থেকেই নাজমুল তারেক অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি টিপ নিয়ে কোনো মন্তব্য করেননি এবং পুরো ঘটনাটি সাজানো। তিনি বলেন, ঘটনাস্থলের একজন প্রত্যক্ষদর্শী দোকানদারও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সমর্থন করেননি।
চাকরিচ্যুত হওয়ার পর ২০২২ সালের নভেম্বরে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন নাজমুল তারেক। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালত তাকে পুনরায় চাকরিতে বহাল করার নির্দেশ দেন।
মতামত দিন